২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম বিশ্ব জুড়ে নতুন করে বিক্ষোভ

‘ইসলাম অবমাননা’র বিতর্কিত ছবি নিয়ে মুসলিম বিশ্ব জুড়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

কাবুল, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ‘ইসলাম অবমাননা’র বিতর্কিত ছবি নিয়ে মুসলিম বিশ্ব জুড়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পাকিস্তানে সহিংস বিক্ষোভে এক বিক্ষোভকারী নিহত হয়েছে। রোববারের বিক্ষোভে একজনের মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে সোমবার পুলিশের গুলিতে মারা যায় ওই বিক্ষোভকারী। পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে স্থানীয় একটি প্রেস ক্লাব জ্বালিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। উপের দির এলাকায় সরকারি কয়েকটি কার্যালয়ে বিক্ষোভকারীরা হামলা করেছে। পেশাওয়ারে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছে বলে এএফপি’র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট অভিমুখে বিক্ষোভকারীদের পদযাত্রা রোধে গুলি ছুড়েছে পুলিশ। লাহোরে পদযাত্রা করেছে আইনজীবীরা। শ্রীনগর এবং ভারত-শাসিত কাশ্মীরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। আফগানিস্তান এবং ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়েছে, ‘আমেরিকা নিপাত যাক’ শ্লোগান দেয় তারা। আফগান পুলিশের বিশেষ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহিম কায়েম রয়টার্সকে জানান, ৩ থেকে ৪ হাজার বিক্ষোভকারী সোমবার কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছে। তারা কয়েকটি পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শ’শ’ বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের পাথর, পেট্রোল বোমা জবাবে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মারাওয়ি শহরেও বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। প্রায় ৩ হাজার বিক্ষোভকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পোড়ায়। ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানায়। ফিলিস্তিনের রামাল্লায় শ’শ’ মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘট করেছে বলে খবর পাওয়া গেছে। ওদিকে, লেবাননে প্রভাবশালী শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহ নেতা শেখ নাসারাল্লাহর ডাকে বিক্ষুব্ধরা রাস্তায় বড় ধরনের বিক্ষোভে নামার প্রস্তুতি নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৯১৮ঘ.