ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে পাইরেসিতে শীর্ষস্থানে রয়েছে ম্যানচেস্টার। ম্যানচেস্টারের অধিবাসীরা দেশটির অন্য যে কোনো স্থানের অধিবাসীদের তুলনায় বেশি মাত্রায় বেআইনিভাবে ডাউনলোড করে থাকে।
আর এর পরিমাণ যুক্তরাজ্যের নটিংহ্যাম ও সাউথাম্পটন থেকেও বেশি। বিবিসির এক পর্যবেক্ষণে এই বিষয়টি ধরা পড়ে।
পর্যবেক্ষণ সংস্থা মিউজিকমেট্রিক তাদের পরিসংখ্যানে জানায়, ২০১২ সালের প্রথম ৬ মাসে যুক্তরাজ্যের অবৈধ ব্যবহারকারীরা ৪ কোটিরও বেশি অ্যালবাম ও একক গান শেয়ার করেছে।
এর পরিপ্রেক্ষিতে মিউজিক ইন্ডাস্ট্রির একটি গোষ্ঠী একে “ক্রমশ বড় সমস্যা” হয়ে উঠছে বলে মন্তব্য করেছে।
পাইরেসির এই পরিসংখ্যান মিউজিকমেট্রিক স্বাধীনভাবে সংগ্রহ করেছে। বিবিসি সেটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।
বিশ্বব্যাপী বিট টরেন্ট ফাইলগুলোর কর্মকাণ্ডও এতে পর্যবেক্ষণ করা হয়েছে। বিট টরেন্টের মাধ্যমে একই সময়ে অনেক ইন্টারনেট ব্যবহারকারী ডাউনলোড করতে পারে।
বেআইনি ডাউনলোড নিমূল করতে এবং পাইরেসির জন্য জনপ্রিয় ওয়েবসাইটগুলো বন্ধ করতে সেই সঙ্গে গুগলে সার্চে এসব সাইটের খোঁজ যেন না পাওয়া যায় তার জন্য উদ্যোগ নিতে এই তথ্য ও পরিসংখ্যান প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৫ ঘ.
bdnews24