আফগানিস্তান, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লেঘম্যান প্রদেশে ন্যাটো বিমান হামলায় অন্তত ৮ নারী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
ন্যাটো বাহিনী এ হামলায় ৩০ জন শসস্ত্র জঙ্গি হত্যা করার কথা জানালেও বেসামরিক নাগরিকও নিহত হয়ে থাকতে পারে বলে সংশয় প্রকাশ করেছে।
আফগানিস্তানের প্রত্যন্ত ওই অঞ্চলটি কেন্দ্রীয় সরকারের আওতার বাইরে বলে জানিয়েছেন সংবাদদাতারা।
আফগান পুলিশের হাতে ৪ ন্যাটো সেনা নিহতের কয়েকঘন্টা পরই এ হামলা হল।
দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে সর্বশেষ ন্যাটো সেনা নিহতের ঘটনায় এ বছর আফগান পুলিশের হাতে নিহত বিদেশি সেনাসংখ্যা ৫১ জনে দাঁড়িয়েছে।
লেঘম্যানের স্থানীয় কর্মকর্তারা বিবিসি’কে বলেছেন, হামলায় অন্তত ৮ জন নারী নিহত হয়েছে। তবে প্রদেশিক কাউন্সিলের সদস্য গুলজার সংরাওয়াল নিহতের সংখ্যা ৯ বলে জানিয়েছেন।
ওদিকে, আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফ)র মুখপাত্র মেজর অ্যাডাম ওজাক বলেছেন, ৫ থেকে ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়ে থাকতে পারে।
বিবিসি কে তিনি বলেন, ইসাফ তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে। এ অভিযানে বেসামরিক নাগরিকও মারা যেতে পারে। আর তা হলে সেটি হবে ‘দুঃখজনক প্রাণহানি’।
লেঘম্যানের গভর্নর অফিস বলেছে, বেশকিছু বেসামরিক নাগরিক বন থেকে কাঠ এবং সুপারি সংগ্রহ করতে পার্বত্যাঞ্চলে গিয়েছিল। অঞ্চলটি প্রত্যন্ত হওয়ায় সেখানে সরকারি নিয়ন্ত্রণ নেই। ফলে এলাকাটি তালেবান ও জঙ্গিদের আস্তানা গাড়ার জন্য উপযোগী।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/১৮০৬ঘ.
bdnews24