কাবুল, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটোর নেতৃত্বধীন যৌথ বাহিনীর হয়ে যুদ্ধরত চার সেনা রোববার দক্ষিণ আফগানিস্তানে নিহত হয়েছে। আফগান পুলিশের হামলায় তারা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
পাল্টা গুলিতে হামলাকারী এক পুলিশ সদস্যও নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
আফগান পুলিশের গুলিতে দুইজন বৃটিশ সেনা নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো।
শনিবার দক্ষিণ হেলমান্দ প্রদেশে টহল শেষে তল্লাশী চৌকিতে ফিরছিলো ওই দুই বৃটিশ সেনা। সে সময় এক আফগান পুলিশের পোষাক পরা এক ব্যক্তির গুলিতে তারা নিহত হন। হামলার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেন।
আগের দিন শুক্রবার দক্ষিণ আফগানিস্তানে ন্যাটোর ঘাঁটিতে তালেবান হামলায় দুই মর্কিন সেনা নিহত হয়েছিল। ঘাঁটির ছয়টি আকাশযানও ধ্বংস করে হামলাকারীরা।
‘ইসলাম বিরোধী’ চলচ্চিত্রের প্রতিশোধ নিতেই শুক্রবারের হামলাটি চালানো হয়েছে বলে দাবী করেছে তালেবান।
যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইসলাম বিরোধী’ চলচ্চিত্র নিয়ে মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ার পরবর্তী কয়েকদিনের মধ্যেই ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর আট সেনা নিহত হলো। এসব হামলাকে বিতর্কিত চলচ্চিত্র নিয়ে ছড়িয়ে পড়া উত্তেজনার ধারাবাহিকতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
চলতি বছর আফগান পুলিশ ও সেনাদের হামলায় আফগানিস্তানে মোতায়েন অন্তত ৫১ জন ন্যাটো সেনা নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেওয়া আফগান পুলিশ ও সেনাদের হামলাকে ‘আভ্যন্তরীণ’ হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এসব হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আফগান পুলিশ ও সেনাবাহিনীতে নেওয়া নতুন সদস্যদের প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে।
চলতি বছর আফগানিস্তানে অন্তত ৩৭ টি ‘আভ্যন্তরীণ’ হামলার ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২০৬ ঘ.
bdnews24