২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাছের তেল হাঁটাচলার অক্ষমতা দূর করে’

পরিমিত ব্যায়াম ও নিয়মিত মাছের তেল গ্রহণ করলে বৃদ্ধদের হাঁটাচলার অক্ষমতা দূর হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিমিত ব্যায়াম ও নিয়মিত মাছের তেল গ্রহণ করলে বৃদ্ধদের হাঁটাচলার অক্ষমতা দূর হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ৬৫ বছরের বেশি বয়সী নারীরা ওমেগা থ্রি ফ্যাটি এসিড গ্রহণ করলে তাদের পেশীশক্তি প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। মাছের তেলে ওমেগা থ্রি ফ্যাটি এসিড পাওয়া যায়। এছাড়া বেশি তেলযুক্ত মাছ থেকে প্রাপ্ত ওমেগা থ্রি ফ্যাটি এসিড হৃদরোগের আশঙ্কাও হ্রাস করে বলে জানিয়েছেন তারা। এ গবেষণাটির ফলাফল ইংল্যান্ডের অ্যাবারডিনে ব্রিটিশ সায়েন্স ফেস্টিভালে উপস্থাপন করা হয় বলে জানিয়েছে বিবিসি। ‘স্যাক্রোপিনিয়া’ নামের একটি শারীরিক প্রক্রিয়ার ফলে বয়স বৃদ্ধির সঙ্গে মানুষের শরীরে পেশির আকার প্রতিবছর শূন্য দশমিক ৫ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত কমতে থাকে। এর ফলে বৃদ্ধ বয়সে ভঙ্গুর হাড় ও হাঁটাচলার অক্ষমতা দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা যায়, ৫০ থেকে ৭০ বছর বয়সী ২৫ শতাংশ মানুষের স্যাক্রোপিনিয়া জনিত সমস্যা রয়েছে। ৮০ বছর বয়সের মধ্যে ৫০ শতাংশ মানুষের মধ্যে এ সমস্যা দেখা দিতে শুরু করে। ইউনিভার্সিটি অব অ্যাবারডিনের গবেষক ড. স্টুয়ার্ট গ্রে বলেন, স্যাক্রোপিনিয়া জনিত কারণে প্রতিবছর বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয়। এর মধ্যে সেবাশুশ্র“ষা থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসা- সবই রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের অর্ধেকই ব্যয় হয় স্যাক্রোপিনিয়া সম্পর্কিত বিভিন্ন কারণে। এ গবেষণার জন্য ৬৫ বছর বা তার বেশি বয়সী ৬৫ জন নারীকে ১২ সপ্তাহের জন্য প্রতিদিন ৩০ মিনিট করে দুবার নির্দিষ্ট ব্যায়াম করতে বলা হয়। এদের মধ্যে অর্ধেককে বিভিন্ন ওষুধ ও খাবারের মাধ্যমে ওমেগা থ্রি ফ্যাটি এসিড দেওয়া হয়। বাকিদের শুধুমাত্র অলিভ ওয়েল প্লেসেবো ট্যাবলেট দেওয়া হয়। এ প্রক্রিয়ার শুরু ও শেষে এসব নারীদের পেশীর কর্মক্ষমতা পরিমাপ করে দেখা যায় প্লেসেবো ট্যাবলেট গ্রহণকারীদের পেশির ক্ষমতা বেড়েছে মাত্র ১১ শতাংশ। তবে ওমেগা থ্রি ফ্যাটি এসিড গ্রহণকারীদের পেশির ক্ষমতা বেড়েছে ২০ শতাংশ। তবে এ গবেষণাটির কার্যকারিতা সফলভাবে প্রমাণ করার জন্য আরো বড় পরিসরে গবেষণাটি চালানোর পরিকল্পনা করছেন ড. স্টুয়ার্ট গ্রে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৪৮ ঘ.