২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় গ্রেপ্তার চলছে

লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা ও রাষ্ট্রদূত নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 05:21 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা ও রাষ্ট্রদূত নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী মুস্তাফা আবু শাকুর এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি তদন্তে অগ্রগতি হওয়ার দাবি করেছেন বলে বিবিসি জানায়। মঙ্গলবার সন্ধ্যায় বেনগাজিতে মার্কিন দূতাবাসে অস্ত্রধারীরা। তাদের দাবি, হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের কারণে মিশরের মতো তারাও প্রতিবাদ জানাচ্ছে। ওই হামলার মুখে গাড়ি নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার পথে রকেট হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ আরো তিন কর্মকর্তা নিহত হন। ওই দিনই দেশটির নির্বাচিত জাতীয় পরিষদে দ্বিতীয় দফা ভোটাভুটিতে লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন যুক্তরাষ্ট্রে শিক্ষাগ্রহণকারী অপটিক্যাল প্রকৌশলী মুস্তাফা আবু শাকুর। ব্যাঙ্গাত্মক চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে মিশর, লিবিয়া ছাড়াও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলাসহ উত্তর আফ্রিকার আরো কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। এদিকে, দূতাবাসে হামলা ও রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনার হোতাদের শাস্তির মুখোমুখি দাঁড় করানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি যে বিদেশে অবস্থানকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের রক্ষায় যা যা করা প্রয়োজন তার সবকিছুই করবেন বলে অঙ্গীকার করেছেন। মঙ্গলবার মিশরে মার্কিন দূতাবাসে হামলাকারীরা যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে একটি কালো পতাকা উত্তোলন করার চেষ্টা চালায়। তাতে লেখা, “আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, হযরত মোহাম্মদ (সা.) তার প্রেরিত দূত।” বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে দেয়। একই ঘটনার জেরে লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে মঙ্গলবার হামলা চালায় অস্ত্রধারীরা। ওই হামলায় দূতাবাসের এক কর্মকর্তা নিহত হয়। এরপর গাড়ি নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে রকেট হামলায় লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ আরো তিনজন নিহত হন। বেনগাজিতে হামলার পর শূন্য মার্কিন দূতাবাসে লুটপাট চালানো হয়। এরপর বুধবার মার্কিন কর্মকর্তারা দাবি করেন, ‘আনসার আল শরিয়া’ নামের একটি জঙ্গি সংগঠন এ হামলা জড়িত ছিলো এবং তারাই এর পরিকল্পনা করেছে। এছাড়া উত্তর আফ্রিকাভিত্তিক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনও এতে জড়িত ছিলো বলে জানান তিনি। তারা দাবি করেন, এটি পরিকল্পিত ছিলো, তার প্রমাণ পাওয়া গেছে। তবে কীভাবে তা করা হয়েছে তার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এ হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি বিরোধী বিদ্রোহের সময় বিভিন্ন অস্ত্রাগার থেকে লুট করা বলে মনে করছেন তারা। কাকতালীয়ভাবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার সঙ্গে মিলে যায় কায়রো ও বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলার দিনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১১ ঘ.