২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলাম-বিরোধী ছবি: ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে তৈরি ইসলামবিরোধী ছবি নিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 10:33 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে তৈরি ইসলামবিরোধী ছবি নিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। ছবিটি নিয়ে ক্ষোভের জেরে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। মিশরে তিনদিনের বিক্ষোভ-সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৭০ জন। মরোক্কো, সুদান এবং তিউনিসিয়াতেও বিক্ষোভ হয়েছে । একই কারণে মঙ্গলবার রাতে কায়রো ও লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধরা। বেনগাজির হামলায় লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চারজন নিহত হয়। বৃহস্পতিবার শ’শ বিক্ষুদ্ধ ইয়েমেনি চড়াও হয় মার্কিন দূতাবাসে। নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। সানায় দূতাবাসে হামলাকারীদের বাধা দিতে নিরাপত্তারক্ষীরা ফাঁকা গুলি ছুড়েও তাদের রুখতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সানার পুব এলাকায় কঠোর নিরাপত্তা বলয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরের নিরাপত্তা দপ্তরগুলোতে প্রথম হামলা চালায় বিক্ষোভকারীরা। দপ্তরগুলোর দরজা-জানালা ভেঙে দূতাবাসের মূল ফটকের দিকে এগিয়ে যায় তারা। ফটক ভাঙার চেষ্টাকালে নিরাপত্তারক্ষীরা ফাঁকা গুলি, টিয়ার গ্যাস এবং জল কামান ছুড়েও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়। আল জাজিরা টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিক্ষোভকারীদের দূতাবাস ভবনের দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করতে দেখা গেছে। দূতাবাস চত্বরে গাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, আমরা দূতাবাস প্রাঙ্গণে আগুন জ্বলতে দেখেছি। নিরাপত্তা বাহিনীও ফাঁকা গুলি ছুড়ছিল। এ সময় বিক্ষোভকারীরা সরে গেলেও পরে আবার ফিরে আসে। নিরাপত্তা বাহিনী পরে দূতাবাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে। তবে এরপরও দূতাবাসের বাইরে বিক্ষোভ চলতে থাকার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা সংঘর্ষে দু’পক্ষেই কিছু মানুষ আহত হওয়ার কথা জানালেও দূতাবাসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইয়েমেন সরকার হামলার নিন্দা জানিয়েছে এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এতে আরো বলা হয়, ইয়েমেন কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেবে। ইসলাম বিরোধী ‘ইনোসেন্স অব মুসলিমস’ ছবিটি নিয়েই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। সুদান, ইরাক এবং ইরানেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। ওদিকে, পাকিস্তান মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কনস্যুলেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১৪৩.