২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক, ওয়ালমার্ট ও ওয়াল্ট ডিজনির বিরুদ্ধে মামলা

আমেরিকার অন্যতম বৃহৎ কোম্পানি ফেইসবুক, ওয়ালমার্ট ও ওয়াল্ট ডিজনির বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘণের অভিযোগে মামলা করেছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

স্যান ফ্রান্সিসকো, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আমেরিকার অন্যতম বৃহৎ কোম্পানি ফেইসবুক, ওয়ালমার্ট ও ওয়াল্ট ডিজনির বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘণের অভিযোগে মামলা করেছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া। ইউনিভার্সিটির অধীনে পেটেন্ট লাইসেন্স প্রাপ্ত ইওলাস টেকনোলজিস এবং দ্য রিজেন্টস নামের দু’টি প্রতিষ্ঠান বুধবার এ মামলা করে। এসব প্রতিষ্ঠানের অন্তত চারটি পণ্যের পেটেন্ট লঙ্ঘণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ‘হাইপারমিডিয়া ডিসপ্লে ও ইন্টারঅ্যাকশনসহ ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তির পেটেন্ট দেওয়া হয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াকে। টেক্সাসের প্রতিষ্ঠান ইওলাসকে এর লাইসেন্স দেওয়া হয়। উদ্ভাবিত প্রযুক্তিসমূহ বাণিজ্যিকভাবে উন্নয়নে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াকে সহায়তা করে এ প্রতিষ্ঠানটি। স্যান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একজন মুখপাত্র জানান, এ পেটেন্টগুলো গণসম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। কোনো তৃতীয়পক্ষ এগুলোর সুযোগ নিলে উপযুক্ত মূল্য পরিশোধ করা উচিত। তবে ফেইসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এ ব্যাপারে সক্রিয়ভাবে লড়বো আমরা। বিশ্বের সবচেয়ে বড় খুচরা পণ্যের বিক্রির প্রতিষ্ঠান ওয়ালমার্টের এক মুখপাত্র বলেন, আমরা যেকোনো বুদ্ধিবৃত্তিক অধিকারকে সম্মান করি। এ বিষয়ে অনুসন্ধান করবো আমরা। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াল্ট ডিজনি কোম্পানি। মামলায় উল্লেখিত দু’টি পেটেন্টকে গত ফেব্র“য়ারি মাসে বাতিল ঘোষণা করে টেক্সাসের একটি আদালত। ওইসময় ইওলাস একই ধরনের একটি মামলা করে আমাজন ইনকরপোরেশন, গুগল ইনকরপোরেশন, ইয়াহু ইনকরপোরেশনসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বাতিল হয়ে যাওয়া পেটেন্ট নিয়ে আবারো মামলা করার বিষয়ে কোনো কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ২০০৭ সালে মাইক্রোসফট করপোরেশনের সঙ্গে পেটেন্ট বিষয়ক মামলার পর বিশাল অঙ্কের অর্থ জরিমানা দিতে হয় প্রতিষ্ঠানটিকে। সেসময় অর্থের পরিমাণ গোপন রাখা হলেও পরবর্তীতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া জানায় ৩ কোটি ডলারেরও বেশি জরিমানা দিয়েছিলো মাইক্রোসফ্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫১৫ ঘ.