ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয়দের তুলনায় দক্ষিণ এশীয়, আফ্রিকান ও ক্যারিবিয়ান বংশোদ্ভূতদের ‘টাইপ টু’ ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি বলে জানিয়েছেন গবেষকরা।
এদের মধ্যে অর্ধেকেরই ৮০ বছর বয়সের আগেই এ রোগ ধরা পড়ে এবং এই হার ‘বিস্ময়করভাবে বেশি’ বলে জানিয়েছেন তারা। এ হার ইউরোপীয়দের তুলনায় প্রায় দ্বিগুণ।
লন্ডনে বসবাসকারী ৪ হাজার ২শ’ মানুষের ওপর জরিপ চালিয়ে এ তথ্য দেন বলে বুধবার জানিয়েছে বিবিসি। ‘ডায়াবেটিস কেয়ার’ জার্নালে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয় বলে বিবিসি জানায়।
রক্তে শর্করার অনিয়ন্ত্রিত মাত্রার কারণে হৃদরোগ, স্ট্রোক, কিডনির রোগ, অন্ধত্ব ও বিভিন্ন অঙ্গহানির ঝুঁকি বেড়ে যায়। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের সঙ্গে ব্যাপকভাবে জড়িত এ ধরনের ডায়াবেটিস।
তাবে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক ডা. টেরেসা টিলিন বলেন, পৃথিবী জুড়ে নগরবাসী মানুষের সংখ্যা বাড়ছে। এরা উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্যাভ্যাসে অভ্যস্ত। ফলে টাইপ টু ডায়াবেটিসের হার বেড়ে যাচ্ছে।
কোনো কোনো জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে টাইপ টু ডায়াবেটিসের হার বেশি হওয়ার নমুনা পাওয়া গেছে ইতিমধ্যেই। তবে নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মধ্যে এ রোগের হার বেশি হওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাননি গবেষকরা।
শরীরে, বিশেষ করে কোমরে মেদের পরিমাণ বেশি একটি কারণ বলে মনে করছেন তারা, তবে এটি সবক্ষেত্রে এক নয়। এছাড়া জিনগত কারণে এ রোগ বেশি হতে পারে এমন কোনো প্রমাণও খুঁজে পাননি তারা।
টেরেসা টিলিন বলেন, এগুলো ছাড়াও কোনো কারণ রয়েছে যার ফলে এ রোগটি বেড়ে চলেছে, তবে সেটি কী তা নিশ্চিত নই আমরা।
এদিকে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক মাইক ন্যাপটন বলেন, ডায়াবেটিস রোগীর হার যতো বেশি, এ নিয়ে ততোটা সতর্কতা লক্ষ করা যাচ্ছে না মানুষের মধ্যে।
ডায়াবেটিস ইউকে’র পরিচালক (গবেষণা) ডা.ইয়ান ফ্রেম বলেন, টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে এমন মানুষদের উচিত নিজেদের ওজন নিয়ন্ত্রণ করা। এছাড়া ঝুঁকিপূর্ণ জাতিগোষ্ঠীর মানুষদের ৪০ বছর বয়সের চেয়ে বরং ২৫ বছর বয়সের পরেই ডায়াবেটিস আছে কি না তা পরীক্ষা করানো উচিৎ।
ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ১০ বছর পার হয়ে যাওয়ার পরে এটি ধরা পড়ার ঘটনাও রয়েছে বলে জানান তিনি। এবং এর ফলে হৃদরোগ, স্ট্রোক, কিডনির রোগ, অন্ধত্ব ও বিভিন্ন অঙ্গহানির ঘটনা ঘটে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২১৮ ঘ.
bdnews24