২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিবিয়ায় দূতাবাসে হামলায় ইসলামি জঙ্গি সংগঠন জড়িত’

লিবিয়ার মার্কিন দূতাবাসে হামলার ঘটনা পরিকল্পিত এবং এই হামলায় ইসলামি জঙ্গি সংগঠন জড়িত বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে বিক্ষুব্ধ জনতার হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ চার কর্মকর্তা নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার মার্কিন দূতাবাসে হামলার ঘটনা পরিকল্পিত এবং এই হামলায় ইসলামি জঙ্গি সংগঠন জড়িত বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে বিক্ষুব্ধ জনতার হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ চার কর্মকর্তা নিহত হন। হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে যুক্তরাষ্ট্রে একটি চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বেনগাজির কনস্যুলার ভবনে রকেট লঞ্চারসহ অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালায় বিক্ষুব্ধরা। একই কারণে মিশরের কায়রোতেও মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়। বেনগাজিতে কনস্যুলেট ভবনে হামলা শুরু হলে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ের উদ্দেশে গাড়ি নিয়ে রওনা দেন লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ আরো তিন কর্মকর্তা। পথে তাদের বহনকারী গাড়ি লক্ষ করে রকেট হামলা চালানো হলে রাষ্ট্রদূতসহ ওই তিন কর্মকর্তা নিহত হন। এর আগে বেনগাজিতে কনস্যুলেট ভবনে অপর এক কর্মকর্তা নিহত হন। প্রাথমিকভাবে এ হামলাকে ইসলামবিরোধী চলচ্চিত্রের বিরুদ্ধে বিক্ষোভের জের মনে করা হলেও পরে বিষয়টি পরিকল্পিত হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কর্মকর্তারা জানান, ‘আনসার আল শরিয়া’ নামের একটি জঙ্গি সংগঠন এ হামলা জড়িত ছিলো এবং তারাই এর পরিকল্পনা করেছে। এছাড়া উত্তর আফ্রিকাভিত্তিক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনও এতে জড়িত ছিলো বলে জানান তিনি। তিনি বলেন, এটি পরিকল্পিত ছিলো, তার প্রমাণ পাওয়া গেছে। তবে কীভাবে তা করা হয়েছে তার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এ হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি বিরোধী বিদ্রোহের সময় বিভিন্ন অস্ত্রাগার থেকে লুট করা বলে মনে করছেন তারা। কাকতালীয়ভাবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার সঙ্গে মিলে যায় কায়রো ও বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলার দিনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২৯ ঘ.