২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা ইইউ’র

ইরানের পরমাণু প্রকল্প বন্ধের জন্য চাপ বৃদ্ধির পরিকল্পনা হিসেবে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

কায়রো, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু প্রকল্প বন্ধের জন্য চাপ বৃদ্ধির পরিকল্পনা হিসেবে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ইইউ’র পররাষ্ট্র সচিব উইলিয়াম হগ মঙ্গলবার কায়রোর ব্রিটিশ দূতাবাসে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, নিষেধাজ্ঞার পরিকল্পনা নিয়ে জরুরি ভিত্তিতে কাজ চলছে। অক্টোবরের মাঝামাঝি সদস্য দেশগুলোর বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করছি। গত শুক্রবার সাইপ্রাসে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক সভায় ‘বর্ধিত নিষেধাজ্ঞার পক্ষে জোরালো সমর্থন’ দিয়েছে সদস্যরা। বর্তমানে ইরান থেকে তেল আমদানির ওপর ইইউ’র নিষেধাজ্ঞা জারি রয়েছে। বর্ধিত নিষেধাজ্ঞায় কী পদক্ষেপ নেওয়া হবে তা জানাননি হগ। এদিকে ইরান পরমাণু প্রকল্প বন্ধ না করলে সেদেশে আক্রমণ চালানোর ব্যাপারে পুনরায় আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এ ব্যাপারে ইসরায়েলকে ঠেকানোর নৈতিক অধিকার যুক্তরাষ্ট্র হারিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র নিজে ইরানের প্রতি কঠোর নয়। দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। তবে এ অভিযোগ সবসময়ই প্রত্যাখ্যান করেছে ইরান। শান্তিপূর্ণ কাজেই পরমাণু প্রকল্প নিয়ে কাজ চলছে বলে দাবি করছে দেশটি। ইইউ পররাষ্ট্র সচিব বলেন, পরমাণু শক্তি ইস্যুতে ইরাকের ওপর কোনো ধরনের আক্রমণের বিপক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন। এ ব্যাপারে ইসরায়েলকে সবসময়ই পরামর্শ দিয়ে আসছি আমরা। তবে তিনি আরো বলেন, এ মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করাই সর্বোত্তম উপায় বলে মনে করছে ইইউ। তবে আমরা অন্য উপায়গুলোর পথ একেবারে বন্ধ করে দেইনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩৪ ঘ.