পাকিস্তানে করখানার আগুনে মৃতের সংখ্যা ৩১৪
পাকিস্তানে করাচি ও লাহোরের দুটি কারখানায় মঙ্গলবারের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ জনে দাঁড়িয়েছে। পুলিশ ও সরকারি কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। ভিডিও
করাচি, পাকিস্তান, সেপ্টম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানে করাচি ও লাহোরের দুটি কারখানায় মঙ্গলবারের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ জনে দাঁড়িয়েছে। পুলিশ ও সরকারি কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
করাচির পোশাক তৈরির কারখানায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ২৮৯ জনে। অন্যদিকে, লাহোরে জুতা তৈরির কারখানায় আগুনে নিহতের সংখ্যা ২৫।
মঙ্গলবার রাতে লাহোরের কারখানায় আগুন লাগার কয়েকঘণ্টা পরই করাচির পোশাক কারখানায় আগুন লাগে। করাচির কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন সংবাদদাতারা।
করাচির পুলিশ প্রধান ইকবাল মাহমুদ জানিয়েছেন, উদ্ধারকর্মীরা কারখানার কয়েকটি দিকে প্রবেশ করার চেষ্টা করছে। ৪০ জন অগ্নিনির্বাপণকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান মাহমুদ।
কারখানায় আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুটো কারখানাতেই জেনারেটরের ত্র“টির কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
করাচির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আমির ফারুকি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, পোশাক কারাখানার মালিকদের খোঁজে কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কারখানাটিতে ৪’শ ৫০ জন মানুষ কর্মরত ছিল। আগুনে সর্বশেষ নিহতের সংখ্যা ২৮৯ বলে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফায়াজ লেঘারি।
আহতের সংখ্যা ৩৫ বলে জানিয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা। এখনো মৃতদেহ উদ্ধার করা হচ্ছে বলে জানান তিনি।
করাচির পোশাক কারখানার কর্মী মোহাম্মদ আসিফ বলেন, “জীবন বাঁচাতে সবাই কাঁদতে শুরু করে। প্রত্যেকেই জানালার কাছে চলে আসে। আমি চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ি।”
অগ্নিদগ্ধ কারখানাটির অপর কর্মী হাসপাতাল থেকে বলেন, “দুই মিনিটের ভিতরেই পুরো কারাখানায় আগুন ছড়িয়ে পড়ে। কারখানার দরজাগুলো বন্ধ ছিল। বের হওয়ার কোনো রাস্তা ছিল না। আমরা ভেতরে আটকা পড়ে ছিলাম।”
আগ্নিকাণ্ডের ঘটনায় পাকিস্তানের শিল্পকারখানাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সমালোচকরা দেশের বিদ্যমান সমস্যার জন্য সরকারের সীমাহীন দুর্নীতিকে দায়ী করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/এলকিউ/২১৩১ ঘ.
