কায়রো, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশর ও লিবিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালিয়েছে উন্মত্ত জনতা।এতে লিবিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা নিহত হয়েছে।
ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মিত হওয়ার প্রতিবাদে মিশর ও লিবিয়ায় মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়।
মিশরে মার্কিন দূতাবাসে হামলাকারীরা যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে একটি কালো পতাকা উত্তোলন করার চেষ্টা চালায়। তাতে লেখা, “আল্লা ছাড়াও কোনো প্রভু নাই, হযরত মোহাম্মদ (সা.) তার প্রেরিত দূত।” বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে দেয়।
এদিকে, একই ঘটনার জেরে লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে মঙ্গলবার হামলা চালায় অস্ত্রধারীরা। এতে এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিশ্চিত করেছেন। হিলারি এ সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন।
লিবিয়ার সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের মুখপাত্র আবদেল মোনেম আল হুর জানিয়েছেন, “সহিংসতায় যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।”
তবে ঠিক কতজন আহত হয়েছে এ ব্যাপারে তিনি নিশ্চিত করতে পারেননি। পাশাপাশি নিহত ব্যক্তির কী কারণে মৃত্যু হয়েছে তাও তিনি জানাতে পারেননি।
বেনগাজিতে মার্কিন দূতাবাসে অস্ত্রধারীরা মঙ্গলবার সন্ধ্যায় হামলা চালায়। প্রবল গোলাগুলির মুখে লিবিয়ার নিরাপত্তা বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। অস্ত্রধারীদের দাবি, হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের কারণে মিশরের মতো তারাও প্রতিবাদ জানাচ্ছে।
বেনগাজির শূন্য মার্কিন দূতাবাসে বর্তমানে লুটপাট চলছে। রয়টার্সের প্রতিনিধিরা জানিয়েছে, লুটপাটকারীরা ডেস্ক, চেয়ার ও ওয়াশিং মেশিন নিয়ে যাচ্ছে।
অজ্ঞাত অস্ত্রধারীরা দূতাবাস চত্বরে গুলি চালায়। অনেকে হাতবোমা ছুঁড়ে মারে। এতে দূতাবাস চত্বরে আগুন ধরে যায় এবং খানিক ছড়িয়েও পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৫ ঘ.
bdnews24