ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব চীন সাগরে জাপানের সঙ্গে সীমানা নিয়ে বিতর্কিত অঞ্চলে দু’টি চীনা টহল জাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে চীনের বিভিন্ন গণমাধ্যম।
ওই অঞ্চলে জাপানি নাগরিকদের ব্যক্তিগত মালিকানায় থাকা কিছু ছোট দ্বীপ জাপান সরকারের কিনে নেওয়ার পরিকল্পনা নিশ্চিত করার একদিন পরেই এ টহল জাহাজগুলো পাঠানো হলো বলে জানিয়েছে বিবিসি।
সাম্প্রতিক সময়ে পূর্ব চীন সাগরের জনবসতিবিহীন কিন্তু খনিজে সমৃদ্ধ এ দ্বীপগুলোর মালিকানা নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। জাপানে ‘সেনকাকু’ ও চীনে ‘দাইওয়ু’ নামে পরিচিত এ দ্বীপগুলো বর্তমানে জাপানে অধীনে রয়েছে, তবে এগুলোর মালিকানা দাবি করে চীনের অন্তর্ভুক্ত তাইওয়ানও।
ওকিনাওয়ার দক্ষিণে ও তাইওয়ানের উত্তরে অবস্থিত এ দ্বীপগুলো সমুদ্রপথে গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে পড়েছে। এছাড়া এগুলোর কাছাকাছি অঞ্চলে সমুদ্রতলে একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আছে বলে মনে করা হয়।
চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে’ এসব দ্বীপের কাছাকাছি অঞ্চলে পৌঁছেছে টহল জাহাজগুলো।
এদিকে জাপানের গণমাধ্যমগুলো জানিয়েছে, দ্বীপগুলো কিনে নেওয়ার জন্য অর্থ বরাদ্দ করেছে জাপান সরকার। একটি পরিবারের কাছ থেকে দ্বীপ কিনে নেওয়ার জন্য মঙ্গলবার ক্রয়চুক্তি সই হবে বলেও জানানো হয়।
সোমবার জাপান সরকারের এক শীর্ষ মুখপাত্র জানান, জাপানের স্থিতিশীল ও শান্তিপূর্ণ ব্যবস্থাপনা অব্যাহত রাখতেই দ্বীপগুলো কিনে নেওয়া হচ্ছে।
তবে এ পরিকল্পনাকে অবৈধ বলে এর সমালোচনা করেছে চীন। এতে দেশ দু’টি মধ্যে সম্পর্কের অবনতি হবে বলেও মন্তব্য করা হয়েছে দেশটির পক্ষ থেকে।
চীনের সমুদ্রসীমায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংস্থা চায়না মেরিন সার্ভেইল্যান্স ইতিমধ্যে এ অঞ্চলে ‘জটিলতা বৃদ্ধির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সার্বভৌমত্ব রক্ষায় একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে’ বলে জানিয়েছে সিনহুয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩২ ঘ.
bdnews24