২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোত্রযুদ্ধে পুড়ল কেনিয়ার গ্রাম, নিহত ৩৮

কেনিয়ার উপকূলীয় অঞ্চলে শতাধিক অস্ত্রধারীর হামলায় একটি গ্রামের অন্ততপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। হামলাকারীরা ওই গ্রামের ১৫০টিরও বেশি বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 04:41 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

মোম্বাসা (কেনিয়া) সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার উপকূলীয় অঞ্চলে শতাধিক অস্ত্রধারীর হামলায় একটি গ্রামের অন্ততপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। হামলাকারীরা ওই গ্রামের ১৫০টিরও বেশি বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে। ওই অঞ্চলে ভূমি ও পানি নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রক্তক্ষয়ী আরো সংঘর্ষ ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট মাওয়াই কিবাকি তানা নদী প্রদেশে কারফিউ জারি করেছেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা রক্ষীও মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট কিবাকির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “সরকার সকাল-সন্ধ্যা কারফিউ জারি করেছে। এর পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যদের পাঠানো হয়েছে।” “নিরপরাধ নারী, শিশু ও পুরুষ হত্যা জঘণ্য অপরাধ। যারা এই ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে, মানুষের মূল্যবান জীবন ও সম্পদ রক্ষার্থে তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।” তবে কারফিউ ঠিক কতদিন জারি রাখা হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। গত তিন সপ্তায় ওই অঞ্চলের পোকোমো ও ওরমা গোত্রের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়। ওরমা গোত্রের দখলে থাকা ভূমিকে পোকোমো গোত্র তাদের বলে দাবি করছে। এই নিয়ে দুই গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী ওই দুই গোত্রের সদস্যদের নিরস্ত্র করা চেষ্টা চালাচ্ছে। প্রাদেশিক কমিশনার স্যামুয়েল কিলেলি জানিয়েছেন, গত সপ্তাহের হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গা ওই অঞ্চল পরিদর্শন করেন। কিন্তু সরকারের সব উদ্যোগ অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনে ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৮ ঘ.