২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটা মানুষও হতে পারে সুস্থ ও কর্মক্ষম

অতিরিক্ত ওজনের মানুষরাও সুস্থ ও কর্মক্ষম হতে পারে। এমনকি তাদের হার্টঅ্যাটাক বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা স্বাভাবিক ওজনের মানুষের সমান বলেই জানিয়েছেন গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত ওজনের মানুষরাও সুস্থ ও কর্মক্ষম হতে পারে। এমনকি তাদের হার্টঅ্যাটাক বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা স্বাভাবিক ওজনের মানুষের সমান বলেই জানিয়েছেন গবেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকার মূল চাবিকাঠি হচ্ছে ‘সুষ্ঠ বিপাকক্রিয়া’। অর্থাৎ উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টোরল ও শর্করার মাত্রা বেশি না থাকা এবং নিয়মিত ব্যায়াম করা। যুক্তরাষ্ট্রের ৪৩ হাজারের বেশি নাগরিকের স্বাস্থ্য বিষয়ক উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা এ তথ্য পেয়েছেন বলে সোমবার জানিয়েছে বিবিসি। গবেষণার ফল প্রকাশ করেছে ‘ইউরোপিয়ান হেলথ’ জার্নাল। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার গবেষকরা দেখতে পান, গবেষণায় অংশ নেয়া এক তৃতীয়াংশের বেশি মানুষ অতিরিক্ত ওজনের। এদের মধ্যে অর্ধেক অর্থাৎ ১৮ হাজার ৫০০ জন বিভিন্ন শারিরীক পরীক্ষার পর ‘সুষ্ঠ বিপাকক্রিয়াসম্পন্ন’ বলে প্রমাণিত হয়েছে। এ দলের সদস্যদের মধ্যে ডায়াবেটিস, উচ্চমাত্রার কোলেস্টোরল ও উচ্চ রক্তচাপ নেই। অতিরিক্ত ওজনের হলেও এরা অপেক্ষাকৃত বেশি কর্মক্ষম এবং অন্যদের তুলনায় বেশি ব্যায়াম করে থাকে। এদের মধ্যে কোনো ধরনের হৃদরোগ বা ক্যান্সারে মৃত্যুর আশঙ্কা স্বাভাবিক ওজনের মানুষদের সমান। অপেক্ষাকৃত ‘কম সুষ্ঠু বিপাকক্রিয়াসম্পন্ন’দের তুলনায় এ আশঙ্কা অর্ধেক। প্রধান গবেষক ও স্পেনের ইউনিভার্সিটি অব গ্রানাডার শিক্ষক ডা. ফ্রান্সিস ওর্তেগা বলেন, গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ওজন থাকলেও যথেষ্ট পরিমাণ ব্যায়াম শরীরকে সুস্থ রাখে। এ গবেষণায় সুস্থ ও কর্মক্ষম শরীরের গুরুত্ব আবারো প্রমাণিত হলো। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক এমি টম্পসন বলেন, বেশিরভাগ হৃদরোগীর ক্ষেত্রে অতিরিক্ত ওজনকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। তবে এ গবেষণায় প্রমাণিত হয়েছে আসলে ওজন নয়, বরং শরীরের কোন অংশে মেদ জমছে সেটিই বেশি গুরুত্বপূর্ণ। দেহের মধ্যবর্তী অংশে অর্থাৎ কোমর ও পেটে মেদ জমলে তা শরীরে ক্ষতিকর উপাদান সৃষ্টি করে এবং এতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭১৮ঘ