ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রায় ১১ কোটি রুপি সমপরিমাণ সম্পদের মালিক বলে সম্প্রতি হিসাব প্রকাশ করা হয়েছে। এ সম্পদ গত বছরের তুলনায় দ্বিগুণ।
তবে তার মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী এর দ্বিগুণেরও বেশি সম্পদের মালিক।
সম্প্রতি চলতি বছরে ভারতের মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে সাম্প্রতিক তালিকাটি প্রকাশ করা হয়।
এ হিসাব অনুযায়ী, প্রধানমন্ত্রী মনমোহন সিং ১০ দশমিক ৭৩ কোটি রুপির সম্পদের মালিক। এর মধ্যে রয়েছে তার আবাসিক সম্পত্তি, ব্যাংকে জমা অর্থের পরিমাণ এবং তার মারুতি গাড়িটিও রয়েছে।
মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে প্রফুল্ল প্যাটেলের সম্পদের পরিমাণ ৫২ কোটি রুপি। শরদ পাওয়ারের সম্পদের পরিমাণ ২২ কোটি রুপি।
মন্ত্রীদের মধ্যে সবচেয়ে কম সম্পদের মালিক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তার মোট সম্পদের পরিমাণ ৫৫ লাখ রুপি।
মনমোহন সিংয়ের ঘোষিত সম্পদের হিসাবে চন্ডিগড় ও দিল্লির ফ্ল্যাট দু’টির মুল্য দেখানো হয়েছে ৭ দশমিক ২৭ কোটি রুপি এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখায় জমা ও বিনিয়োগের মোট মূল্য ৩ দশমিক ৪৬ কোটি রুপি।
তার মারুতি গাড়িটির হ্রাসকৃত মূল্য দেখানো হয় ২১ হাজার ৩৩ রুপি। এছাড়া ১৫০ দশমিক ৮০ গ্রাম স্বর্ণের মালিকানা ঘোষণা দেন মনমোহন।
গত বছরের মনমোহনের ঘোষিত সম্পদের পরিমাণ ছিলো ৫ দশমিক ১১ কোটি রুপি। সেখানে তার ফ্ল্যাট দু’টির মোট মূল্য দেখানো হয়েছিলো ১ দশমিক ৩৮ কোটি রুপি। ১৫০ দশমিক ৮০ গ্রাম স্বর্ণের মূল্য দেখানো হয়েছিলো ২ দশমিক ৭৫ লাখ রুপি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, তার সম্পদের মোট পরিমাণ একই রয়েছে, কিন্তু সেগুলোর বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সম্পদের হিসাব প্রস্তুতকারী সরকার অনুমোদিত সংস্থা।
মনমোহনের সম্পদের হিসাবে আসামের ডিসপুরে একটি ব্যাংকে মাত্র ৬ হাজার ৫১৫ দশমিক ৭৮ রুপি রয়েছে বলে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩০ ঘ.
bdnews24