নিয়ামেই, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজারে গৃহবন্দিত্বে থাকা লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বড় ছেলে সাদি গাদ্দাফিকে নাইজার ছাড়ার অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছে সেদেশের সরকার।
গত বছর লিবিয়া থেকে পালিয়ে নাইজারে আশ্রয় নেয়ার পর থেকেই সেখানে নজরবন্দি রয়েছেন সাদি গাদ্দাফি।
সম্প্রতি নাইজার তাকে দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে এবং বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে তিনি আবেদনও করেছেন বলে ফ্রান্স টোয়েন্টিফোর টেলিভিশনকে জানিয়েছিলেন সাদি গাদ্দাফির আইনজীবী নিক কউফম্যান।
কিন্তু শনিবার এ খবর অস্বীকার করে নাইজার সরকারের মুখপাত্র মারু আমাদু বলেন, আমরা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি। তার আইনজীবী কোন সূত্রে এ তথ্য পেয়েছেন তা বোধগম্য নয়।
দক্ষিণ আফ্রিকার কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন চাওয়া হয়েছে বলে টেলিভিশনের ওই প্রতিবেদনে জানানো হয়।
তবে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহায়তা বিভাগের মুখপাত্র ক্লেসন মোনেলা বলেন, এ তথ্য মোটেই সত্যি নয়। আমরা সাদি গাদ্দাফির কাছ থেকে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে কোনো আবেদন পাইনি।
৩৯ বছর বয়স্ক ব্যবসায়ী ও সাবেক ফুটবল খেলোয়াড় সাদি গাদ্দাফির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো পরোয়ানা নেই।
তবে সম্পদের অপব্যবহার এবং লিবিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান থাকাকালীন খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অস্ত্রের ভয় দেখিয়ে চাপ প্রয়োগের অভিযোগে তার বিচার করার আগ্রহ প্রকাশ করেছে লিবিয়ার বর্তমান প্রশাসন।
লিবিয়ার অনুরোধে সাদিকে গ্রেপ্তার করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সমর্পণ করার জন্য গত বছর ইন্টারপোল তার সদস্য দেশগুলোর প্রতি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে। তবে সাদিকে লিবিয়ার হাতে তুলে না দেয়ার ব্যাপারে বিভিন্ন কারণ দেখায় নাইজার।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী, সাদি গাদ্দাফির ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার সব সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে।
তবে আইনজীবী নিক কউফম্যান বলেন, মাত্র একবারের জন্য এ নিষেধাজ্ঞা শিথিল করে তাকে নাইজার ছাড়ার অনুমতি দিতে জাতিসংঘের লিবিয়া বিষয়ক কমিটির কাছে আবেদন করা হয়েছে।
এ বছরের শেষ দিকে যুদ্ধাপরাধের অভিযোগে লিবিয়ায় সাদি গাদ্দাফির সহোদর সাইফ আল-ইসলামের বিচার শুরু হওয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৪৭ঘ.
bdnews24