ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে পারিবারিক বিরোধ নিয়ে এক নারী তার মায়ের মুখে এসিড ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার উত্তরপ্রদেশের বাণিজ্যিক রাজধানী কানপুরেরচাকেরি এলাকায় এ ঘটনা ঘটে বলে এনডিটিভির এক খবরে বলা হয়।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সম্পদের ভাগ-বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওই নারী তার মায়ের মুখে এসিড নিক্ষেপ করে। এতে তার মায়ের মুখমণ্ডলএসিডে ঝলসে যায়।
আহতকে কানপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসিড নিক্ষেপকারী গ্রেপ্তার হয়েছেন বলে জানান উত্তরপ্রদেশে দায়িত্বরত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) অমিতাভ ইয়াশ।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদের সময় তাকে মানসিকভাবে ভারসাম্যহীন মনে হয়েছে। তাই তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”
এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে এ ঘটনার আরো তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭৪৮ ঘ.
bdnews24