লন্ডন, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রিন্স হ্যারিকে চার মাসের জন্য আফগানিস্তানের যুদ্ধাভিযানে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে অবস্থিত ব্রিটিশদের প্রধান ঘাঁটি ক্যাম্প ব্যাশনে পৌঁছান হ্যারি। আফগান যুদ্ধে এ্যাপাচি হেলিকপ্টারের পাইলট হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।
২৭ বছর বয়সী এই যুবরাজ তালেবান বিরোধী অভিযানে অংশ নেবেন। ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে তৃতীয় অবস্থানে আছেন প্রিন্স হ্যারি।
এ নিয়ে দ্বিতীয় বারের মত আফগানিস্তানে মোতায়েন করা হল হ্যারিকে। এর আগে ২০০৭-০৮ সালে প্রায় দেড় মাস হেলমান্দে ছিলেন তিনি।
কিন্তু ওই সময় আফগানিস্তানে হ্যারিকে গোপনে মোতায়েনের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাকে প্রত্যাহার করে নেয়া হয়।
হ্যারির কাকা রাজপুত্র অ্যান্ড্রু ফকল্যান্ড যুদ্ধে অংশগ্রহণের পর হ্যারিই রাজপরিবার থেকে যুদ্ধক্ষেত্রে সক্রিয় প্রথম সদস্য।
যুক্তরাষ্ট্রের লাস ভেসাগের হোটেল কক্ষে তোলা তার নগ্ন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়ে বিশ্বে আলোড়ন তৈরি হওয়ার সময়টিতে তিনি আফগানিস্তানে গেলেন।
তবে তাকে আফগান যুদ্ধে মোতায়েনের পরিকল্পনা করা হয়েছিল কয়েক মাস আগেই।
নিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৩ঘ.
bdnews24