২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছামৃত্যুতে সহায়তার দাবি যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর

চূড়ান্ত অসুস্থ অবস্থায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাওয়া রোগীদের সহায়তা পাওয়ার অনুমোদন দেওয়া উচিত বলে মনে করেন সদ্য নিয়োগপ্রাপ্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আনা সুবরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চূড়ান্ত অসুস্থ অবস্থায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাওয়া রোগীদের সহায়তা পাওয়ার অনুমোদন দেওয়া উচিত বলে মনে করেন সদ্য নিয়োগপ্রাপ্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আনা সুবরি। তিনি বলেন, এটা খুবই ‘হাস্যকর ও আতঙ্কজনক’ যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে অন্য দেশে যেতে হচ্ছে ‘ব্রিটন’দের। আনা সুবরি বলেন, নিজের জীবন শেষ করার অধিকার থাকা উচিৎ সবার। তবে স্বেচ্ছামৃত্যুতে সহায়তা দেওয়া বৈধ করা হলে খুনের ঘটনা বেড়ে যেতে পারে বলে মনে করছে মিনিস্ট্রি অব জাস্টিস। শনিবার বিবিসি এ তথ্য জানায়। মন্ত্রিপরিষদে রদবদলের ফলে গত সপ্তাহের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পান আনা সুবরি। এরপর তিনি স্বেচ্ছামৃত্যুতে সহায়তা করায় কাউকে বিচারের মুখোমুখি হতে হলে ‘সততা’র সঙ্গে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন । টাইমস পত্রিকাকে তিনি বলেন, আপনি অন্য কাউকে মেরে ফেলার কথা বলতে পারেন না ডাক্তার বা নার্সকে, তবে নিজের জীবন শেষ করার অধিকার আপনার রয়েছে। সম্প্রতি টনি নিকলিনসন নামের এক ‘লকড-ইন’ সিনড্রোমে আক্রান্ত ব্যক্তি আত্মহত্যায় সহায়তা বিষয়ক একটি মামলায় হেরে যাওয়ার এক সপ্তাহ পর তার মৃত্যু হয়। এ ঘটনা আত্মহত্যা বা স্বেচ্ছামৃত্যুতে সহায়তা বিষয়ক বিতর্ক উস্কে দেয়। প্রাণঘাতী পরিমাণে কোনো ড্রাগ ইনজেকশনের মাধ্যমে টনির শরীরে প্রবেশ করালে তার স্ত্রী জেইনকে কোনো আইনি জটিলতায় পড়তে হবে কি না, এই নিয়ে মামলাটি করা হয়। টনির আইনজীবীরা বলেন, ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস অনুযায়ী বর্তমান হত্যা বিষয়ক আইনের মাধ্যমে টনির নিজের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোর অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তবে হাইকোর্টের তিনজন বিচারক এই আইন পরিবর্তনে টনির আবেদন খারিজ করে দেন। এ বিষয়টি পার্লামেন্টের হাতে ছেড়ে দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তারা। এ রায়ের পরে কোনো ধরনের খাবার খেতে অস্বীকৃতি জানাতে থাকা টনি এক সপ্তাহ পরে মৃত্যুবরণ করেন। বর্তমান আইনে চিকিৎসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত এবং অন্য কোনো উপায়ে কাউকে মৃত্যুতে সহায়তার বিষয়ে ডাক্তারদের জন্য খুবই জটিল সিদ্ধান্ত দেয়া রয়েছে। তবে নিকলিনসনের মামলায় হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। হাইকোর্টের রায়কে ‘সঠিক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫৩৫ ঘ