২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে উঠছে রাফায়েলের চিত্রকর্ম

রেনেসাঁ যুগের বিখ্যাত ইতালীয় চিত্রকর রাফায়েলের একটি আলোচিত চিত্রকর্ম নিলামে উঠছে আগামী ডিসেম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 04:45 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

লন্ডন, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রেনেসাঁ যুগের বিখ্যাত ইতালীয় চিত্রকর রাফায়েলের একটি আলোচিত চিত্রকর্ম নিলামে উঠছে আগামী ডিসেম্বরে। নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’র অনুমান, চিত্রকর্মটির মূল্য আনুমানিক ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ৪০০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। ১৬শ’ শতাব্দীতে কালো চক দিয়ে আঁকা রাফায়েলের ১৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ১১ ইঞ্চি প্রস্থের এ চিত্রকর্মটির নাম ‘হেড অব অ্যান অ্যাপোস্টল’। তার বিখ্যাত চিত্রকর্ম ‘ট্রান্সফিগারেশান’র জন্য একটি প্রস্তুতিমূলক চিত্র ছিলো এটি। সোথবি জানায়, গত ৫০ বছরের মধ্যে রাফায়েলের হাতে আঁকা এ ধরনের মাত্র দু’টি চিত্রকর্ম নিলামে উঠেছে। এর আগে ২০০৯ সালে লন্ডনের নিলামঘর ক্রিস্টি’র নিলামে ‘হেড অব মিউজ’ নামের আরেকটি কালো চকে আঁকা চিত্রকর্ম বিক্রি হয়। এটির দাম উঠেছিলো ২ কোটি ৯২ লাখ পাউন্ড। সোথবি আরো জানায়, বর্তমানে চ্যাটসওয়ার্থের ডেভনশায়ার কালেকশনের অংশ ‘হেড অব অ্যান অ্যাপোস্টল’ ব্যক্তিগত সংগ্রহে থাকা রাফায়েলের কয়েকটি কাজের একটি। বর্তমানে মাদ্রিদের প্রাদো মিউজিয়ামে এ শিল্পীর বিভিন্ন কাজের একটি প্রদর্শনীতে রয়েছে এটি। ৫ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠেয় এ নিলামে ডেভনশায়ার কালেকশনে থাকা মধ্যযুগের দুটি পাণ্ডুলিপিও তোলা হবে। ১৫শ’ শতাব্দীতে প্রস্তুত করা এসব পাণ্ডুলিপিতে বিভিন্ন যুদ্ধ, দুর্গ ও যোদ্ধাদেরও ছবি আঁকা রয়েছে। এগুলোর একটির মূল্য আনুমানিক ৬৪ লাখ থেকে ৯৬ লাখ ডলার, এবং অপরটির মূল্য ৪৮ লাখ থেকে ৮০ লাখ ডলার উঠবে বলে মনে করছে সোথবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১০৪৩ ঘ.