২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অটুট বন্ধনের আশাবাদ চীন-যুক্তরাষ্ট্রের

সিরিয়া, চীন সাগর ও অন্যান্য বৈশ্বিক সমস্যা নিয়ে মতৈক্যে পৌঁছাতে না পারলেও দু’দেশের মধ্যে অটুট উষ্ণ সম্পর্কের আশা প্রকাশ করেছে চীন ও যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

বেইজিং, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া, চীন সাগর ও অন্যান্য বৈশ্বিক সমস্যা নিয়ে মতৈক্যে পৌঁছাতে না পারলেও দু’দেশের মধ্যে অটুট উষ্ণ সম্পর্কের আশা প্রকাশ করেছে চীন ও যুক্তরাষ্ট্র। বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচি সিরিয়ার রক্তপাত বন্ধে করণীয়, দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা কমানো ও অন্যান্য বৈশ্বিক সমস্যার বিষয়ে একমত হতে পারেননি। তবে নিজেদের সম্পর্ক আরো দৃঢ় করতে একমত হয়েছেন তারা। দুটি দেশেই কিছুদিন পর সরকার পরিবর্তনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে সাংবাদিকদের হিলারি জানিয়েছেন, কিছু বিষয়ে দ্বিমত থাকলেও তা আমাদের পারস্পরিক সম্পর্কে ব্যাঘাত ঘটাতে পারবে না। বৈঠকে জেইচিকে ইরানের পরমাণু ইস্যুতে দেশটির ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান হিলারি। অন্যদিকে, সিরিয়ায় ক্ষমতা হস্তান্তরের জন্য হিলারিকে বহির্বিশ্বের হস্তক্ষেপের মতামত জানিয়েছেন জেইচি। আর দক্ষিণ চীন সাগরের বিরোধ নিয়ে দু’পক্ষের কেউ নির্দিষ্ট মতামতে পৌঁছাতে পারেননি। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে ভিয়েতনাম, ফিলিপনি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরো কয়েকটি দেশের সঙ্গে চীনের বিরোধ চলছে। ওই সাগরের বেশিরভাগ অংশের মালিকানা দাবি করছে চীন। এছাড়া পূর্ব চীন সাগরের মালকানা নিয়েও জাপানের সঙ্গে বিরোধ চলছে চীনের। মঙ্গলবার রাতে দুইদিনের এক সফরে বেইজিং গিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচির সঙ্গে এক বৈঠকে যোগ দেন। এর আগে মঙ্গলবার রাতে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠক করেন হিলারি। ওই বৈঠকে হিলারি চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘দৃঢ়’ বলে উল্লে¬খ করেন। হিলারি ইন্দোনেশিয়া থেকে বেইজিং যান। ইন্দোনেশিয়ায় তিনি দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে চীনের সঙ্গে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সৃষ্ট বিরোধ নিয়ে আলোচনা করেন। এই বিতর্ক নিরসনে আঞ্চলিক জোট ‘অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন বা আশিয়ানের ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি। হু জিনতাওয়ের সঙ্গে বৈঠক হলেও ভাইস প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে হিলারির পূর্ব ঘোষিত বৈঠকটি অজ্ঞাত কারণে বাতিল করা হয়েছে। জিনপিং হচ্ছেন চীনের সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০০ঘ.