ত্রিপোলি, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে মৌরিতানিয়া।
দেশটির রাষ্ট্রীয় টিভি ও বার্তা সংস্থা খবরে বলা হয়েছে, “মৌরিতানিয়া কর্তৃপক্ষ সাবেক-লিবীয় গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে লিবিয়ায় হস্তান্তর করেছে।”
বুধবার তিনি লিবিয়ায় পৌঁছেছেন বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।
গত বছর লিবিয়ার গণআন্দোলনে নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর সেনুসি দেশ ছেড়ে পালিয়েছিলেন।
গাদ্দাফির ডানহাত হিসাবে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে লিবিয়া সেনুসির বিচার করতে চায়। তাছাড়া, ফ্রান্স এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)ও তার বিচার চায়।
গত মার্চে সেনুসি পালিয়ে মরোক্কো থেকে মৌরিতানিয়ায় পৌঁছানোর পর বিমানবন্দরে গ্রেপ্তার হন।
এরপর থেকে লিবিয়া সরকার বারবার তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে এসেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবিয়ার বিচারমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারি এক প্রতিনিধিদলের কাছে সেনুসিকে হস্তান্তর করা হয়েছে। তিনি এখন সরকারের হেফাজতে আছেন।
কয়েকদফা স্বাস্থ্য পরীক্ষার পর সেনুসিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে রয়টার্সকে জানিয়েছেন লিবিয়ার প্রসিকিউটর জেনারেলের মুখপাত্র তাহা বারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪৬ঘ.
bdnews24