২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা অভিযোগে আটকের দায়ে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ

গুপ্তচর সন্দেহে ১৫ বছর কারাবন্দী থাকা এক জেলেকে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুপ্তচর সন্দেহে ১৫ বছর কারাবন্দী থাকা এক জেলেকে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। ওই ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘণ করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার সরকারকে ২০ লাখ ডলার (কোরীয় মুদ্রায় ২ দশমিক ৪৫ বিলিয়ন ওউন) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। ৭০ বছর বয়সী চেয়ংকে ১৯৮০’র দশকের শুরুর দিকে উত্তর কোরিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়। সেইসময় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সমর্থিত সরকার পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করে তাকে। তার পরিবারের ছয় সদস্যের সবাইকেই নজরবন্দী করে রাখে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ। তবে এসব অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর সরকারের বিরুদ্ধে মামলা করে চেয়ং ও তার পরিবার। সিউলের ওই আদালত বলে, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই চেয়ংকে গ্রেপ্তারের পর মিথ্যা সাক্ষ্য আদায়ের জন্য তাকে নির্যাতন করা হয়। এমনকি প্যারোলে মুক্তি পাওয়ার পরও তাকে নজরবন্দী করে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। এতে ওই ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘন করেছে রাষ্ট্র। ১৯৬৫ সালে উত্তর কোরিয়ার সঙ্গে বিতর্কিত সীমান্তের কাছাকাছি মাছ ধরার সময় একদল জেলেকে আটক করে উত্তর কোরিয়া। এর মধ্যে চেয়ংও ছিলেন। ওই আটককৃতদের কিছুদিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তবে উত্তর কোরিয়ায় অবস্থান করায় প্রায় দুই দশক ধরে গুপ্তচরবৃত্তির অভিযোগ বহন করতে হয় ওইসব জেলেদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২০৭ ঘ.