২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরাফাতের দেহাবশেষ পরীক্ষায় রামাল্লায় যাবেন ফ্রান্সের ৩ বিচারক

ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কি না তা তদন্তে ফ্রান্সের ৩ বিচারক রামাল্লায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 03:59 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

প্যারিস, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কি না তা তদন্তে ফ্রান্সের ৩ বিচারক রামাল্লায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রামাল্লায় সমাহিত আরাফাতের দেহাবশেষ তুলে পরীক্ষার উদ্দেশ্যেই বিচারকরা যাচ্ছেন বলে বুধবার ফ্রান্সের বিচারিক সূত্র রয়টার্সকে জানিয়েছে। এ জন্য তদন্তকারী বিচারকদের ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, প্রয়াত আরাফাতের মৃত্যুর কারণ উদ্ঘাটনে তার দেহাবশেষ তুলে পরীক্ষার ব্যাপারে তার সরকার সব ধরনের সহযোগিতা করবে। আরাফাতের বিধবা স্ত্রী সুহা এক বিবৃতিতে জানিয়েছেন, বিচারকরা তার আইনজীবীকে জানিয়েছেন, রামাল্লায় যাওয়ার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। সেখানে পুলিশের বিশেষজ্ঞরা তাদের তত্ত্বাবধানে আরাফাতের দেহাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করবেন। আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়ে থাকতে পারে বলে বিধবা স্ত্রী অভিযোগ তোলার পর গত মাসে ফ্রান্সে আরাফাতকে হত্যা করা হয়েছে কি না এ ব্যাপারে আদালত তদন্ত শুরু করে। ২০০৪ সালে আরাফাত প্যারিসের সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭৫ বছর বয়সী আরাফাতের মৃত্যুর পর পোস্টমর্টেম বা কোনোরূপ ডাক্তারি পরীক্ষা করা হয় নি। গুরুতর অসুস্থ অবস্থায় রামাল্লা থেকে আরাফাত প্যারিসে চিকিৎসার জন্য যান। সেখানে তিনি মাস খানেক সময় চিকিৎসাধীন ছিলেন। আরাফাতকে হত্যা করা হয়েছে কি না সে বিষয়ে তার মৃত্যুর শুরু থেকেই নানা গুঞ্জন ছিল। কিন্তু ফ্রান্সের চিকিৎসকরা তার মৃত্যুর কোনো কারণ প্রতিষ্ঠা করতে না পারায় বিষয়টি আরো ঘণীভূত হয়। স¤প্রতি এটি সুইস প্রতিষ্ঠান আরাফাতের পরিধেয় কাপড়ে উচ্চমাত্রার তেজষ্ক্রিয় উপদান পলোনিয়াম-২১০ খুঁজে পায়। এরপরই আরাফাতের স্ত্রী প্রয়াত স্বামীর মৃত্যু তদন্তের দাবি জানান। গত সপ্তায় লওসানের দ্য ইন্সস্টিটিউট অব রেডিয়েশন ফিজিক্স জানিয়েছে, আরাফাতকে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না তা তারা বৈজ্ঞানিকভাবে তদন্তের ব্যাপারে সহায়তা করতে আগ্রহী। তবে এটি দ্রুত করারও তাগাদা দিয়েছে তারা। কেননা যতই সময় যাবে তেজক্রিয় উপাদান যদি থেকে থাকে তবে তা মিলিয়ে যাবে। তাই এটি নিশ্চিত হতে দ্রুত পরীক্ষা করা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪৩ ঘ.