ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক বিলিয়ান ডলার সাহায্য ঋণ মঞ্জুরের জন্য মিশরের নতুন সরকারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ওবামা প্রশাসন। গণতান্ত্রিক আন্দোলনের কারণে সঙ্কটে পড়া মিশরের অর্থনীতিকে চাঙ্গা করতে এ সাহায্য ঋণ মঞ্জুর করছে যুক্তরাষ্ট্র।
সোমবার যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও মিশরের নবনির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহম্মদ মুরসির পক্ষের মধ্যস্থতাকারীরা চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
সাহায্য চুক্তির অগ্রগতিতে ধারণা করা হচ্ছে, মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুরসিকে নিয়ে অস্বস্তি কাটিয়ে উঠছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের পুরনো মিত্র মিশরের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্বের সমর্থনও অব্যাহত থাকবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
মিশরের পদত্যাগকারী সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের আমলে যুক্তরাষ্ট্র মিশরের ঘনিষ্ঠ মিত্র ছিল। সে সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর অন্যান্য সাহায্যসহ ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সামরিক সাহায্য পেত মিশর।
দীর্ঘদিন ধরেই ইসলামপন্থীদের নিয়ে অস্বস্তিতে আছে যুক্তরাষ্ট্র। কিন্তু গত বছর মিশরের ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসে যুক্তরাষ্ট্র।
মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে মুরসির জয়ের পেছনে মুসলিম ব্রাদারহুড প্রধান ভূমিকা পালন করে। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ব্রাদারহুডের সদস্যপদ ত্যাগ করেন মুরসি।
ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের আশায় সম্প্রতি বিশ্ব অর্থ তহবিল (আইএমএফ) এর কাছে ৪ দশমিক আট বিলিয়ন ডলার ঋণের আবেদন করে মিশর। এই ঋণ পেতেও মিশরকে সহয়তা করবে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৫ ঘ.
bdnews24