নিউইয়র্ক, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জৈব খাদ্যে ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদানের পরিমাণ অজৈব খাদ্যের তুলনায় খুব বেশি নয় বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা।
তবে প্রচলিত পদ্ধতিতে উৎপাদিত খাদ্যের তুলনায় জৈব প্রক্রিয়ায় উৎপাদিত খাদ্যগুলোতে কীটনাশক ও ব্যাকটেরিয়া প্রতিরোধক ওষুধের নমুনা থেকে যাওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম বলে এ গবেষণায় পাওয়া গেছে।
গবেষণাটি যৌথভাবে পরিচালনা করে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও পালো আলতো হেলথ কেয়ার সিস্টেম। এতে জৈবভাবে উৎপাদিত ফল, সবজি, শস্য, হাঁস-মুরগী ও গবাদি পশুর মাংস, ডিম ও দুধের উপর পরিচালিত ২শ’টি ভিন্ন জরিপের ফলাফল পুনরালোচনা করা হয়।
গবেষণাকারী দলের প্রধান ড. ক্রিস্টাল স্মিথ-স্প্যাঙ্গলার বলেন, সাধারণত সবার মনেই প্রশ্ন থাকে জৈব প্রক্রিয়ায় উৎপাদিত খাদ্যে পুষ্টিকর উপাদানগুলোর উপস্থিতি বেশি থাকে কি না। সে প্রশ্নের উত্তর জানতেই এ গবেষণাটি পরিচালিত হয়।
ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের নিয়মানুসারে, জৈব খাদ্য উৎপাদনকারী কোনো খামার কৃত্রিম সিনথেটিক কীটনাশক, সার ও হরমোন ব্যবহার করতে পারবে না। এছাড়া গবাদি পশুগুলোকে খোলা মাঠে চড়ানো বাধ্যতামূলক এসব খামারে।
অন্যান্য খামারগুলোতে ব্যাপকভাবে কীটনাশক ও সার ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে গবাদি পশুগুলোকে বদ্ধ পরিবেশেই বড় করা হয় এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী ওষুধ খাওয়ানো হয়। এসব কারণে বাজারে জৈব খাদ্যের মূল্য প্রায় দ্বিগুণ।
স্মিথ-স্প্যাঙ্গলার বলেন, উভয় পদ্ধতির খাদ্যেই কীটনাশকের নমুনা গ্রহণযোগ্য মানের ভেতরেই থাকে। তবে জৈব খাদ্যের মাত্র ৭ শতাংশে এসবের উপস্থিতি পাওয়া গেছে। অপর দিকে প্রচলিত পদ্ধতিতে উৎপাদিত খাদ্যের এক তৃতীয়াংশের ভেতরেই এসবের উপস্থিতি পাওয়া যায়।
জৈব পদ্ধতিতে উৎপাদিত খাদ্যে পুষ্টিকর উপাদানের খুব বেশি তারতম্য পাওয়া যায়নি গবেষণায়। তবে এতে ফসফরাসের পরিমাণ সামান্য বেশি থাকে।
এছাড়া জৈব দুধ ও মুরগীর মাংসে ‘ওমেগা থ্রি’ ফ্যাটি এসিডের পরিমাণ কিছু বেশি থাকে বলে কয়েকটি জরিপের ফলাফলে পাওয়া যায়।
ফলে কীটনাশক ও অন্যান্য ওষুধের নমুনা থেকে যাওয়ার পরিমানের ফলে খাদ্যের পুষ্টিগুণের তারতম্য হয় কি না সে ব্যাপারে এসব গবেষণায় খুব বেশি তথ্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫৩ ঘ.
bdnews24