২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে ইরান’

পরমাণু প্রকল্পে ইসরায়েলের যে কোনো ধরনের হামলায় য্ক্তুরাষ্ট্র কোনো ভূমিকা না রাখলেও জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 05:20 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

বৈরুত, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু প্রকল্পে ইসরায়েলের যে কোনো ধরনের হামলায় য্ক্তুরাষ্ট্র কোনো ভূমিকা না রাখলেও জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে ইরান। সোমবার একথা জানিয়েছেন ইরান সমর্থিত লেবাননি শিয়া জঙ্গি দল হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরাল্লাহ। বৈরুতভিত্তিক আল মায়াদ্বিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর জবাবটি অত্যন্ত ভয়াবহ হবে।” “শুধু ইসরায়েলি স্বার্থকেই লক্ষ্যে পরিণত করা হবে না, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেও লক্ষ্যে পরিণত করতে পারে ইরান,” বলেন তিনি। এসব তথ্য ইরানি কর্মকর্তারা জানিয়েছেন বলে তিনি দাবি করেন। “ইসরায়েল ইরানকে লক্ষ্যে পরিণত করলে তার দায়িত্ব বহন করবে যুক্তরাষ্ট্র।” ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলোর সন্দেহ, শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পের অজুহাতে পরমাণু অস্ত্র নির্মাণের চেষ্টা করছে ইরান। এ বিষয়ে ইসরায়েলি রাজনীতিবিদ ও গণমাধ্যমে চলমান বির্তকে ইরানে ইসরায়েলি হামলার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরায়েল ইরানে হামলা করতে পারে বলে আশঙ্কা ছড়িয়ে পড়েছে। পরমাণু অস্ত্র নির্মাণ থেকে নিবৃত করতে ইরানি পরমাণু কর্মসূচির ‘পরিষ্কার সীমা’ বেঁধে দেওয়ার জন্য রোববার বিশ্বের শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্রক্ষমতাধর দেশ হিসেবে ধরা হয়। ইরানের পরমাণু কর্মসূচিকে নিজের অস্তিত্ব ও আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি হিসেবে মনে করে ইসরায়েল। কিন্তু ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ বেসামরিক ও শান্তিপূর্ণ। ইরানে হামলার ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে আছে ইসরায়েলি মন্ত্রিসভা। যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন ছাড়া হামলার ঝুঁকি নিতে চাইছে না তারা। এদিকে ইঙ্গিত করে নাসরাল্লাহ বলেন, “ইরানে হামলার বিষয়ে ইসরায়েলে বিভক্তি আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি না ইসরায়েলি শত্র“রা সামনের কোনো মাসে এমনকি অদূর ভবিষ্যতে ইরানে হামলার চেষ্টা করবে।” এক্ষেত্রে বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির উল্লেখ করে নাসরাল্লাহ বলেন, ইরানে কোনো হামলা হলে পারস্য উপসাগরে এর প্রভাব পড়বে। ফলে তেলের মূল্য হুট করেই অত্যন্ত বেড়ে যাবে। তাতে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। আর ইরানে হামলা হলে আগের যে কোনো যুদ্ধের চেয়ে ইসরায়েলের হতাহতের সংখ্যা অত্যন্ত বেশি হবে বলে মনে করেন তিনি। এসব বিষয় বিবেচনায় ইসরায়েল ইরানে হামলা করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “হামলা হলে এই অঞ্চলের কী অবস্থা হবে আমরা তা জানি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১১৪ ঘ.