২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার সেনা সদর দপ্তরে বিদ্রোহীদের হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে সেনাবাহিনীর সদর দপ্তরের অভ্যন্তরে বোমা হামলা চালানোর কথা স্বীকার করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 06:49 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

আম্মান, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে সেনাবাহিনীর সদর দপ্তরের অভ্যন্তরে বোমা হামলা চালানোর কথা স্বীকার করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিদ্রোহীরা। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে। আবু রুমানেহ এলাকায় অবস্থিত সেনা সদর দপ্তরে এ হামলায় অন্তত চারজন আহত হয়েছে বলে জানানো হয়। একটি ভিডিও বিবৃতিতে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি’র পক্ষ থেকে বলা হয়, সিরিয়ার মানুষদের ওপর গণহত্যাকাণ্ড পরিকল্পনা ও পরিচালনাকারী সেনা কর্মকর্তাদের লক্ষ করে এ হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে এ ভিডিও বার্তাটি প্রচারিত হয়। দু’মাস আগে একই জায়গায় বোমা হামলায় আসাদ বাহিনীর শীর্ষ দু’জন কর্মকর্তা নিহত হয়। এদিকে সুন্নি মুসলিম অধ্যুষিত আল-জায়াত ও ফারুক এলাকায় আসাদ বাহিনীর বুলডোজার অন্তত ২০টি ভবন গুঁড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে সেখানকার অধিবাসীরা। পূর্ব দামেস্কের হাজ্জা এলাকা থেকে তোলা ভিডিওতে বেশকিছু ভবনে আগুন জ্বলতে দেখা যায়। এসব এলাকা থেকে যুদ্ধ করতে সক্ষম এমন তরুণদের তুলে নিয়ে গিয়ে হত্যা করার অভিযোগ করেছে সিরিয়ার সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা। রোববার হামা প্রদেশের সুন্নি অধ্যুষিত গ্রাম আল-ফানে অন্তত ২৫ জন তরুণকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়। ১৭ মাস ধরে চলা সিরিয়ার বিদ্রোহ-সহিংসতায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২১৩ ঘ.