২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক খনি শ্রমিকদের মুক্তি দেবে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার আদালত ২৭০ খনি শ্রমিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 05:06 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

জোহানেসবার্গ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার আদালত ২৭০ খনি শ্রমিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছিল। গত ১৬ অগাস্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনকালে পুলিশের সঙ্গে সহিংসতায় দেশটির মারিকানা প্লাটিনাম খনির ৩৪ খনি শ্রমিক নিহত হয়। এ সময় শত শত শ্রমিককে আটক করে পুলিশ। এ ঘটনায় দেশটির বিভিন্ন খনিতে ধর্মঘট চলায় বিষয়টি নিষ্পত্তিতে সোমবার আলোচনা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার দেশটির জাতীয় আইন পরিচালক নমাগকোবো জিবা এক সংবাদ সম্মেলনে বলেন, আপাতত শ্রমিকদের ওপর থেকে এই অভিযোগ তুলে নেওয়া হবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিযোগ খারিজ করা হবে না। আটক শ্রমিকদের যাদের ঠিকানা পুলিশ যাচাই করেছে তাদের সোমবার ছেড়ে দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার বাকি শ্রমিকদের আদালতে হাজির করার পর মুক্তি দেওয়া হবে বলে জিবা জানান। শ্রমিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের বিষয়টি রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, অধিকারকর্মী ও আইনি বিশেষজ্ঞদের তুমুল সমালোচনার মুখে পড়ে। শুক্রবার দেশটির আইনমন্ত্রী জেফ রাদেবি রাষ্ট্রীয় আইন কর্মকর্তাদের কাছে এই ধরনের পদক্ষেপের ব্যাখ্যা জানতে চেয়েছেন। শ্রমিকদের মৃত্যুর ঘটনায় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি, কেননা আইনি তদন্ত এবং পুলিশের অভ্যন্তরীণ তদন্ত চলছে। এসব শেষ হতে প্রায় কয়েকমাস লেগে যেতে পারে। ন্যায্য মুজুরি বৃদ্ধি ও নতুন শ্রমিক ইউনিয়নের স্বীকৃতির দাবিতে আন্দোলনে দেশটিতে প্রায় তিন সপ্তাহ ধরে খনিগুলো বন্ধ রয়েছে। খনিগুলোর মালিক কোম্পানি লনমিন জানিয়েছিল, তারা যে ব্যবস্থা গ্রহণ করেছে তা বৈধ। তাদের কথা হচ্ছে, শ্রমিকেরা কাজে ফিরে যাবে, নয়তো বরখাস্ত হতে হবে। তবে এই অবস্থান থেকে তারা সরে এসেছে। লনমিন পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদক কোম্পানি। লনমিন কোম্পানির মালিকানাধীন খনিতে মজুরি নিয়ে বিতর্ক ও দুটি প্রতিদ্বন্দ্বী শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে পরিস্থিতি আগে থেকেই উত্তপ্ত ছিল। এরপর উত্তপ্ত পরিস্থিতিতে শ্রমিকেরা বর্শা ও অন্যান্য অস্ত্র নিয়ে সহিংসতায় জড়িয়ে পড়লে ১০ জন নিহত হয়, যাদের মধ্যে ২জন পুলিশ কর্মকর্তা ও ২ জন নিরাপত্তারক্ষী ছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায়। এতে ৩৪ জন শ্রমিক নিহত হয়। পরবর্তী সময়ে পুলিশকে গুলি চালাতে উস্কানি দেওয়ায় আটক শ্রমিকদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। বর্ণবাদ অবসানের পর দক্ষিণ আফ্রিকায় পুলিশের চালানো এটি সবচেয়ে রক্তক্ষয়ী অভিযান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৭ ঘ.