নয়া দিল্লি, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে চীনের প্রতিরক্ষামন্ত্রীর বিরল সফর এশিয়ার পরমাণু শক্তিধর দেশ দুটির সীমান্তে হঠাৎ কোন উত্তেজনা এড়াতে সহায়ক হতে পারে।
এমন এক সময়ে চীনের প্রতিরক্ষামন্ত্রী ভারত সফর করছেন যখন তার দেশ এশিয়ার মধ্যে সবচেয়ে প্রভাবশালী হওয়ার প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। এছাড়া এ মুহুর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে জাপানের সঙ্গে বিরোধ চলছে চীনের।
গত আট বছরের মধ্যে এই প্রথম চীনের প্রতিরক্ষা মন্ত্রী ভারত সফর করছেন। এশিয়ায় উদীয়মান শক্তি হিসাবে দেশ দুটি যে পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত জেনারেল লিয়াং গুয়াংলি’র সফর সে দিকটির উপরও আলোকপাত করছে।
রোববার বিকালে ভারতের মুম্বাইয়ে অবতরণ করার কথা লিয়াং এর। সেখানে যাওয়ার আগে শ্রীলঙ্কা সফর করেন তিনি। ভারতের দক্ষিণ উপকূলের কাছাকাছি ওই দ্বীপ রাষ্ট্রটি এমন এক স্থানে অবস্থিত যা মহাসাগরীয় বাণিজ্যের অন্যতম পথ।
প্রতিবেশী দেশ এবং উদীয়মান শক্তির হিসাবে চীন ও ভারতের সম্পর্ক বেশ জটিল।
ভারত ও চীনের মধ্যে উষ্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কিন্তু ভারতের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ভাল থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক ভাল নয়।
অন্যদিকে, সীমানা নিয়ে বিরোধে অর্ধ শতক আগে চীন ও ভারতের মধ্যে যুদ্ধের স্মৃতি দিল্লি এখনো ভোলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩১ঘ.
bdnews24