ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)-আফগান স্থানীয় পুলিশের (এএলপি) নতুন সদস্যদের প্রশিক্ষণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তালেবানদের সঙ্গে পুলিশের যোগসাজশ থাকার সন্দেহে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা। সা¤প্রতিক সময়ে ন্যাটো সেনাদের ওপর আফগান সেনা ও পুলিশের কয়েকটি ধারাবাহিক হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র কমপক্ষে এক মাসের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া বন্ধ করল।
তালেবানের সঙ্গে এএলপি’র নতুন সদস্যদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে এ সময়টিতে।
এতে করে আফগানিস্তানের স্থানীয় পুলিশ বাহিনীর প্রায় ১ হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সুবিধা পাবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জন হ্যারেল।
প্রশিক্ষণ একমাস কিংবা দু’মাসও বন্ধ থাকতে পারে বলে জানান তিনি।
তবে আফগানিস্তানের জাতীয় সেনা ও পুলিশ বাহিনী এর আওতায় পড়বে না। আফগান বিশেষ বাহিনীর প্রশিক্ষণও নিয়মিতই চলবে বলে জানানো হয়েছে খবরে।
তাছাড়া, জাতীয় পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে তালেবানের সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে কিনা সে সিদ্ধান্তও এখনও হয়নি। এ বাহিনীর সদস্যসংখ্যা অনেক বেশি হওয়ায় একাজ দুরূহ হবে বলেই মনে করা হচ্ছে।
আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর বিদেশি সেনাদের ওপর এ বছর আফগান বাহিনীর সদস্যদের মধ্য থেকে ৩৪ টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১২ টি হামলা হয়েছে শুধুমাত্র অগাস্টে।
এতে করে নিরপত্তা রক্ষায় আফগান ও বিদেশি বাহিনীর একসঙ্গে কাজ করে যাওয়ার বিষয়টি নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিশেষ করে আফগান বাহিনীর হাতে ন্যাটো বাহিনীর নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের এ অন্তিম মুহূর্তে বিষয়টি উদ্বেগ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ২০১৪ সালে বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়ার আগে নিরাপত্তার দায়িত্ব আফগান পুলিশের হাতে তুলে দেওয়া তাদের জন্য জরুরি।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৮২৬ঘ.
bdnews24