২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ ও ব্লেয়ারের বিচার চাইলেন টুটু

ইরাক যুদ্ধের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দ্যা হেগে’র আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া উচিত বলে মনে করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আর্চ বিশপ ডেসমন্ড টুটু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 07:53 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাক যুদ্ধের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দ্যা হেগে’র আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া উচিত বলে মনে করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আর্চ বিশপ ডেসমন্ড টুটু। যুক্তরাজ্যের অবজারভার সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে তিনি ওই দুই নেতাকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করেন। ইরাক যুদ্ধের প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট বুশ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ব্লেয়ার ইরাকে ‘ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র’ থাকার কথা নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে তাদের এই ‘নিশ্চিত’ দাবী মিথ্যা প্রমাণিত হয়। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের সাবেক আর্চ বিশপ টুটু বলেন, “ইরাকে পশ্চিমা সামরিক অভিযান বিশ্বকে ইতিহাসের যে কোনো সংঘাত পরবর্তী পরিস্থিতি থেকেও বেশি অস্থিতিশীল করে তুলেছে।” ২০০৩ সালে সাদ্দাম হোসেনের শাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বে চালানো অভিযানের কারণেই সিরিয়ার বর্তমান গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ও ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত তৈরির ক্ষেত্র প্রস্তুত করছে বলে অভিযোগ করেন টুটু। “যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৎকালীন নেতারা খেলার মাঠে বুলি আওড়ানের মতো প্রকৃত পরিস্থিতি আড়াল করে আমাদের দূরে সরিয়ে রেখেছিল। ইরান ও সিরিয়ার ভয় দেখিয়ে তারা আমাদের খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে রেখেছে,” বলেন তিনি। ২০০৩ সালে ইরাকে চালানো সামরিক অভিযানের পর থেকে নিহত মানুষের সংখ্যাই বুশ ও ব্লেয়ারকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাড় করানোর মূল ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানান টুটু। গত সপ্তাহের প্রথমদিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত এক সম্মেলনে টনি ব্লেয়ারের সঙ্গে এক মঞ্চে বসতে অস্বীকার করেন শান্তিবাদী ডেসমন্ড টুটু। ব্লেয়ারের অংশগ্রহণের প্রতিবাদে সম্মেলন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ প্রথার বিরুদ্ধে শান্তিবাদী আন্দোলন পরিচালনাকারী ডেসমন্ড টুটুকে ১৯৮৪ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৪৮ ঘ.