বৈরুত, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার পূর্বাঞ্চলে একটি সামরিক বিমানবন্দরে শনিবার হামলা চালিয়েছে সিরীয় বিদ্রোহীরা, একটি আকাশ প্রতিরক্ষা স্থাপনাও দখল করেছে তারা। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণরত একটি মানবাধিকার গোষ্ঠি এ খবর জানিয়েছে।
বিদ্রোহীদের মোকাবিলায় স¤প্রতি প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমান বাহিনীর ওপর বেশি নির্ভর করা শুরুর পর বিদ্রোহীরা তার বিমান শক্তিতে আঘাত হানলো।
পূর্বাঞ্চলের দির আল জরে এই হামলার আগে বিদ্রোহীরা আলেপ্পো ও ইদলিব এলাকার সেনা বিমানবন্দরের ওপরও হামলা চালিয়েছে।
দেড় বছর ধরে বিদ্রোহ মোকাবিলারত প্রেসিডেন্ট আসাদ দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের গ্রামীণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ হারিয়েছেন। এই এলাকাগুলোতে বিরুদ্ধবাদীদের মোকাবিলা করতে আসাদ তাই হেলিকপ্টার গানশীপ ও জঙ্গিবিমান ব্যবহার করছেন।
আকাশ পথে বোমাহামলার কারণে আক্রান্ত এলাকার হাজার হাজার মানুষ শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। শরণার্থীদের স্রোত ঠেকাতে সিরিয়ার ভেতরে “নিরাপদ এলাকা” গড়ে তোলার প্রস্তাব দিয়েছে তুরস্ক। সিরিয়া বিষয়ে বিভক্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই প্রস্তাব অগ্রাহ্য করেছে। এ ধরনের একটি এলাকা রক্ষা করতে সেনা পাহারা বসাতে হবে বলে পশ্চিমা শক্তিগুলোও প্রস্তাবটি এড়িয়ে যাচ্ছে।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘দ্যা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর রামি আব্দুল রহমান জানিয়েছেন, দির আর জরে আকাশ প্রতিরক্ষা স্থাপনার একটি ভবন দখল করে নিয়েছে বিদ্রোহীরা। এখানে তারা ১৬ জন সরকারপন্থীকে বন্দি করেছে ও অজ্ঞাত সংখ্যক বিমান বিধ্বংসী রকেট আটক করেছে।
বিদ্রোহীদের হাতে আটক আসাদপন্থী সামরিক কর্মকর্তা, সেনাসদস্য ও রকেট চালিত গ্রেনেডসহ আটক করা বিভিন্ন অস্ত্রশস্ত্র ইন্টারনেটে পোস্ট করা আন্দোলনকারীদের ভিডিও চিত্রে দেখা গেছে।
বিদ্রোহীরা সিরিয়ার পূর্বাঞ্চলীয় ইরাকি সীমান্তের আলবু কামালে হামদান সেনা বিমানঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে জানান আব্দুল রহমান। তবে এ হামলায় তারা তেমন কোনো সাফল্য পায়নি বলে জানান তিনি।
ইদলিব প্রদেশের তাফতানাজ বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে কয়েকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্থ করার দাবী জানানোর তিনদিন পর বিদ্রোহীরা নতুন এসব হামলা চালানোর দাবী জানালো। গত সপ্তাহে একটি জঙ্গিবিমান ও হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবীও জানিয়েছিল বিদ্রোহীরা।
১৭ মাস ধরে চলা সিরিয়ার বিদ্রোহ-সহিংসতায় এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০৪৮ ঘ.
bdnews24