কোনাক্রি, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গিনির রাজধানী কোনাক্রির কাছাকাছি আটলান্টিক মহাসাগরে শুক্রবার বিকালে প্রায় ৪৫ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে কমপক্ষে ৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরো অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
বন্দর কর্মকর্তা ফানিয়েয়া সৌমাহ বলেছেন, “মোট কতজন মারা গেছেন তা আমরা এখনো জানিনা, কিন্তু নৌকাটিতে ৪৫ জনের বেশি যাত্রী ছিল।মাত্র কয়েকজনকে জীবিত পাওয়া গেছে।”
মোটর চালিত কাঠের নৌকাটি কোনাক্রি থেকে একটি দ্বীপে যাচ্ছিল। সৌমাহ জানিয়েছেন, নৌকাটি কেন ডুবেছে তা এখনো পরিস্কার নয়।
তবে বিবিসি জানিয়েছে, শিলাখন্ডের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবেছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
কোনাক্রির এক হাসপাতালের পরিচালক মোহাম্মদ আওয়াদা জানিয়েছেন, এখন পর্যন্ত আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত যাত্রী বোঝাই ও অব্যবস্থাপনার কারণে ওই এলাকায় প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০০৫ ঘ.
bdnews24