ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণে দু’জন ভ্রমণকারী মারা গেছেন ও আরো কয়েক হাজার অভিযাত্রী ভাইরাস সংক্রমণের হুমকিতে রয়েছেন।
শনিবার ইয়োসেমাইট পার্কের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
ভাইরাসটির নাম হ্যান্টাভাইরাস। এটি বিরল ধরনের একটি ফুসফুসের রোগের জন্য দায়ী। আরো চারজন ভ্রমণকারী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
পার্কটির কর্মকর্তারা জানিয়েছেন, তারা হ্যান্টিভাইরাস হটলাইনে প্রতিদিন প্রায় ১ হাজার আতঙ্কগ্রস্ত ভ্রমণকারীর ফোন কল পাচ্ছেন।
সংক্রমিত ইঁদুর জাতীয় প্রাণীর বর্জ্য থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস সংক্রমণের কোনো চিকিৎসা পদ্ধতি এখনও জানা যায়নি।
সংক্রমণের প্রায় ছয় সপ্তাহ পরে লক্ষণ প্রকাশ পায়। একতৃতীয়াংশ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়।
ইঁদুর জাতীয় প্রাণীর বিষ্ঠা, মূত্র ও মুখের লালায় ভাইরাসটি থাকে। এসব শারীরিক বর্জ্য শুকিয়ে ধুলার সঙ্গে মিশে যায়। আর তখন ছোট বদ্ধ এলাকায় নিশ্বাসের সঙ্গে ভাইরাসগুলো মানুষের শরীরে প্রবেশ করে।
সংক্রমিত প্রাণীর কামড় বা সংক্রমিত কোনো কিছুর স্পর্শ বা সংক্রমিত কোনো কিছু খেলে ভারইরাসটি ছড়িয়ে পড়তে পারে।
ভাইরাসটির আক্রমণে চলতি মাসের প্রথম দিকে স্যান ফ্রান্সিসকো উপসাগর এলাকায় ৩৭ বছর বয়সী এক ব্যক্তি মারা যায়। হ্যান্টিভাইরাস সংক্রমণে এটিই ছিল মৃত্যুর প্রথম ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৮ ঘ.
bdnews24