২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্মস্ট্রংয়ের পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

চন্দ্রবিজয়ী প্রথম নভোচারী নেইল আর্মস্ট্রংয়ের পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চন্দ্রবিজয়ী প্রথম নভোচারী নেইল আর্মস্ট্রংয়ের পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের সিনসিনাট্টিতে অনুষ্ঠিত এ অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধু আমন্ত্রিতরা অংশগ্রহণ করেন। এ নভোচারীর নিভৃতচারী স্বভাবকে সম্মান জানিয়ে এটি আয়োজন করা হয় বলে বিবিসি জানিয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশ অনুযায়ী শুক্রবার আর্মস্ট্রংয়ের সম্মানে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আর্মস্ট্রংকে ‘সর্বকালের সেরা নায়ক’ বলে অভিহিত করেন ওবামা। আর্মস্ট্রংকে শ্রদ্ধা জানাতে আগামী ১২ সেপ্টেম্বর ওয়াশিংটনে সরকারিভাবে একটি স্মরণসভা আয়োজন করার কথা রয়েছে। গত ২৫ অগাস্ট ৮২ বছর বয়সে মারা যান নেইল আর্মস্ট্রং। হৃদপিণ্ডে অস্ত্রোপচার পরবর্তী জটিলতার কারণে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ১৯৬৯ সালের ২০ জুলাই বিশ্বের প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন নেইল আর্মস্ট্রং। তিনি ও তার সঙ্গী নভোচারী এডউইন অলড্রিন চাঁদের মাটির নমুনা সংগ্রহ করেন, ছবি তোলেন এবং বিভিন্ন পরীক্ষা চালান। এসময় তাদের সঙ্গী অপর নভোচারী মাইকেল কলিন্স ‘এপোলো ১১’ মহাকাশযানে ছিলেন। সেটিই ছিলো আর্মস্ট্রংয়ের শেষ মহাকাশ অভিযান। এরপর ১৯৭১ সালে তিনি নাসা ছেড়ে যান। পরবর্তী সময়ে তিনি বিমান প্রকৌশল বিষয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্মগ্রহণ করেন আর্মস্ট্রং। ১৯৫০ সালে কোরিয়ার সঙ্গে যুদ্ধে নৌবাহিনীর হয়ে বিমান চালিয়েছেন তিনি। এরপর ১৯৬২ সালে ইউএস স্পেস প্রোগ্রামে কর্মরত হন। গতবছর নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’-এ ভূষিত হন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৪৪ ঘ.