নিউ ইয়র্ক, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে নিউ জার্সির পাথমার্ক সুপারমার্কেটে শুক্রবার ভোরে এক বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ তিন জন নিহত হয়েছে।
স্থানীয় সময় ভোর ৪টার ঠিক আগে কর্মীরা দোকান খোলার প্রস্তুতি নেওয়ার সময় ওল্ড ব্রিজের ওই সুপারমার্কেটে গুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছে এবিসি টেলিভিশনের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান।
সন্দেহভাজন হামলাকারীকে ওই সুপারমার্কেটের একজন অসন্তুষ্ট কর্মী বলে অভিহিত করেছেন ওল্ড ব্রিজের মেয়র ওয়েন হেনরি। ‘স্টার-লেজার’ সংবাদপত্র একথা জানায়।
যুক্তরাষ্ট্রে সম্প্রতি আরও তিনটি গুলির ঘটনা ঘটেছে। জুলাইয়ে কোলোরাডোর সিনেমা হলে, এ মাসের শুরুতে উইসকনসিনের গুরুদুয়ারায় এবং গত সপ্তাহে ম্যানহাটনে এক বন্দুকধারী তার সহকর্মীর ওপর হামলা চালায়।
সিনেমা হলের হামলায় ১২ জন, গুরুদুয়ারার হামলায় ৭ জন এবং ম্যানহাটনের হামলায় ২ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৪ঘ.
bdnews24