২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা প্রতিশ্রুতি পালনে ব্যর্থ: রমনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বলে দোষারোপ করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বলে দোষারোপ করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী মিট রমনি। ফ্লোরিডায় অনুষ্ঠিত রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে বৃহস্পতিবার ভোটারদের উদ্দেশে ভাষণে ওবামাকে এ দোষারোপ করেন রমনি। ওইসব প্রতিশ্রুতি পূরণের সুযোগ করে দিতে রমনি তাকে জয়যুক্ত করতে ভোটারদের আহ্বান জানান। রমনি বলেন, ওবামার শাসনামলের সব হতাশাকে দূরে ঠেলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধার করাসহ লাখ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের সুযোগ পেতে তিনি ভোটারদের সহায়তা চান। নির্বাচিত হলে জ্বালানি খাতে স্বনির্ভরতা নিয়ে আসার পরিকল্পনাও তার রয়েছে বলে জানান ম্যাসাচ্যুসেটসের সাবেক এ গভর্নর। দেশের সফলতার জন্য রমনি প্রেসিডেন্ট ওবামার সফলতা কামনা করলেও পরক্ষণেই তাকে কটাক্ষ করে বলেন, “এখন পাতা উল্টে দেওয়ার সময় এসেছে। গত চার বছরের গ্লানিকে দূরে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় এখন।” ওদিকে, ওবামার প্রচার শিবির বলছে, রমনির “কোন বাস্তবধর্মী ধারণা নেই, তিনি নির্বাচিত হলে দেশ পিছিয়ে পড়বে।” রমনি আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ১ কোটি ২০ লাখ নতুন চাকরির সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে দেশটিতে বেকারত্বের হার ৮ দশমিক ৩ শতাংশ। এছাড়া, ২০২০ সালের মধ্যে দেশটিকে জ্বালানি খাতে সাবলম্বী, জাতীয় ঘাটতি কমানো এবং নতুন বাণিজ্যিক চুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৯ঘ.