২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাট দাঙ্গায় সাবেক বিজেপি মন্ত্রীর জেল

গুজরাট দাঙ্গা মামলায় শুক্রবার ভারতীয় জনতা দলের (বিজেপি) সাবেক মন্ত্রী মায়া কোড়নানিকে ২৮ বছরের জেল দিয়েছে বিশেষ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

নয়াদিল্লি, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/রয়টার্সর্))-- গুজরাট দাঙ্গা মামলায় শুক্রবার ভারতীয় জনতা দলের (বিজেপি) সাবেক মন্ত্রী মায়া কোড়নানিকে ২৮ বছরের জেল দিয়েছে বিশেষ আদালত। গুজরাটে ২০০২ সালে গোধরা-পরবর্তী হিন্দু-মুসলিম দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়েছে। বিজেপি এমএলএ কোড়নানির সঙ্গে হিন্দু জঙ্গি গোষ্ঠী বজরং দলের নেতা বাবু বজরঙ্গিকেও সাজা দিয়েছে আদালত। ২০০২ সালে ২৭ ফ্রেব্রুয়ারিতে গোধরায় ট্রেনে আগুন লেগে ৬০ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হওয়ার পর দাঙ্গা ছড়িয়ে পড়ে। ট্রেনে মুসলিমরা আগুন দিয়েছিল বলে অভিযোগ করা হয়। ওই ঘটনার পরদিন আহমেদাবাদের নারোদা পাতিয়ায় দাঙ্গায় নিহত হয় ৯৫ জন মানুষ। এ মামলায়ই দোষী সাব্যস্ত হয়েছেন কোড়নানি ও বজরঙ্গি। গুজরাটজুড়ে পরবর্তীতে চলমান দাঙ্গা-সহিংসতায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যায়। নিহতদের বেশির ভাগই মুসলিম। কোড়নানিসহ দোষী সাব্যস্তদের বেশির ভাগের বিরুদ্ধেই খুন এবং ষড়যন্ত্রের অভিযোগ আছে। দাঙ্গার সময় কোড়নানি মন্ত্রী ছিলেন না। ২০০৭ সালে তাকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে মনোনীত করেন নরেন্দ্র মোদি। দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০০৯ সালে কোড়নানি গ্রেপ্তার হওয়ার পর তিনি মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন। হত্যা, হত্যার চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগে গত বুধবার তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এ মামলায় আরো ৩১ জন দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবারের রায়ে কোড়নানির পাশাপাশি বাবু বজরঙ্গিকে মৃত্যুর আগ পর্যন্ত কারাদন্ড দিয়েছে আদালত। ২০০৯ সালের অগাস্টে নারোদা পাতিয়া হত্যাযজ্ঞের বিচার শুর হয় এবং ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এদের মধ্যে একজন বিচারাধীন অবস্থায় মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২২ঘ.