দুবাই, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেহরানে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আক্রমণাত্মক বক্তব্য বর্জন করেছে সিরিয়া।
সম্মেলনে মুরসি সিরিয়ার তীব্র সমালোচনা করলে সম্মেলন ছেড়ে বেরিয়ে যান সিরীয় প্রতিনিধি।
সিরিয়ার শাসকগোষ্ঠীকে ‘নিপীড়ক’ আখ্যা দিয়ে মুরসি সেখানকার সরকার বিরোধী আন্দোলনকে এর বিরুদ্ধে বিপ্লব বলে অভিহিত করেন।
মুরসি বলেন, সিরিয়ায় বর্তমান ‘দমনমূলক শাসনের’ অবসান এবং শান্তিপূর্ণভাবে দেশটির গণতন্ত্রে উত্তরণ প্রয়োজন।
“দমনমূলক সরকারের বিরুদ্ধে সিরিয়ার জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করা নৈতিক দায়িত্ব এবং প্রয়োজনীয়, এ সরকার তাদের বৈধতা হারিয়েছে,” বলেন মুরসি।
এ সময় মুরসির বক্তব্য বর্জন করে সিরিয়ার প্রতিনিধি ন্যাম সম্মেলন থেকে বেরিয়ে যান বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন।
সিরিয়ায় বহির্বিশ্বের ‘কার্যকর হস্তক্ষেপ’ ছাড়া রক্তক্ষয় বন্ধ হবে না বলেও বক্তব্যে উল্লেখ করেছেন মুরসি।
তিনি বলেন, “সিরিয়ায় রক্তক্ষরণের দায় আমাদের সবার এবং মনে রাখতে হবে আমাদের সকলের কার্যকর হস্তক্ষেপ ছাড়া দেশটিতে রক্তক্ষরণ বন্ধ হবে না।”
রক্তক্ষয় বন্ধে মিশর সকলের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান মুরসি।
সিরিয়া সরকার জানিয়েছে, তারা সন্ত্রাসীদের হাত থেকে তাদের জনগণকে রক্ষা করতে লড়াই চালিয়ে যাচ্ছে এবং মুরসি সংঘর্ষ নিয়ে কথা বলার সময় তাদের প্রতিনিধি সম্মেলন থেকে বেরিয়ে গেছেন।
১৯৭৯ সালের পর এই প্রথম মিশরের কোন নেতা ইরান সফরে গেলেন। ন্যাম সম্মেলনে সিরিয়া পরিস্থিতি ছাড়াও মানবাধিকার ও পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যু নিয়ে আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৭ঘ.
bdnews24