ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ জয়ে সরকারের আরো সময় প্রয়োজন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
সরকার-সমর্থক আল-দুনিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ একথা বলেন বলে জানানো হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
আসাদ বলেন, সিরিয়া সরকার “একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।”
তিনি আরো বলেন, “চূড়ান্ত সমাপ্তি টানতে অবশ্যই সময় লাগবে। কিন্তু আমি এক কথায় বলতে পারি: আমরা সামনে এগিয়ে যাচ্ছি”।
“যুদ্ধ ক্ষেত্রের পরিস্থিতি এখন আগের চেয়ে ভাল, কিন্তু এখনই এর শেষ হচ্ছে না। এজন্য কিছু সময় লাগবে।”
সবক্ষেত্রেই নিরাপত্তা বাহিনী ‘বীরোচিত’ কাজ করছে বলে মন্তব্য করেন আসাদ।
সাক্ষাৎকারে সিরিয়ায় মানবাধিকার রক্ষায় নিরাপদ এলাকা বা ‘বাফার জোন’ গড়ার চিন্তা-ভাবনাকেও ‘অবাস্তব’ বলে নাকচ করেছেন আসাদ।
সিরিয়ায় লড়াইয়ের মুখে আশেপাশের দেশগুলোতে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় আন্তর্জাতিকভাবে নাগরিকদের সুরক্ষা ব্যবস্থা করতে বাফার জোন গঠনের জন্য চাপ বাড়ছে।
সহিংসতা আরো বাড়তে থাকলে ২ লাখ সিরীয় শরণার্থী তুরস্কে যেতে পারে আশঙ্কায় দেশটি এ জোন গড়ার প্রস্তাব দিয়েছে।
কিন্তু আসাদ এ প্রস্তাব উড়িয়ে দিয়ে বলেছেন, “বিষয়টি আলোচনার টেবিলে নেই। এটি সিরিয়ার শত্র“ ও বৈরি দেশগুলোর এক অবাস্তব ধারণা।”
ওদিকে বিদ্রোহীরা জানিয়েছে, বিদ্রোহীদের দখলকৃত এলাকাগুলো পুনর্দখল করতে সেনারা দেশ জুড়ে হামলা শুরু করেছে।
মঙ্গলবার রাজধানী দামেস্ক, আলেপ্পো ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪৪ঘ.
bdnews24