২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাসাবের মৃত্যুদণ্ড বহাল

মুম্বাই হামলার একমাত্র জীবিত আসামী পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আজমল আমির কাসাবের আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রেখেছে ভারতের সর্বোচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

নয়াদিল্লি, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলার একমাত্র জীবিত আসামী পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আজমল আমির কাসাবের আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রেখেছে ভারতের সর্বোচ্চ আদালত। ২০০৮ সালের ওই সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল। বিবিসি জানিয়েছে, বুধবার সকালে দেওয়া রায়ে বিচারক আফতাব আলম ও সিকে প্রাসাদ বলেন, “তার অপরাধের গুরুত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হওয়ার বিষয় বিবেচনায় মৃত্যুদণ্ড বহাল রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই।” শুনানির পর মামলার এক আইনজীবী গোপাল সুব্রামানিয়াম বলেন, “সর্বোচ্চ আদালত আজ মোহাম্মদ কাসাবের আবেদন খারিজ করেছে।” জঙ্গি গোষ্ঠি লস্কর- ই- তৈয়বার সঙ্গে জড়িত কাসাবের বিরুদ্ধে আনা ৮০টি অভিযোগে তিনি দোষী সব্যস্ত হন, যার মধ্যে খুন ও ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হওয়ার অভিযোগ ছিল। ২০১০ সালের মে মাসে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয় আদালত। সর্বোচ্চ আদালত প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করার পর কাসাব এখন ভারতীয় রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে আবেদন করতে পারবেন। মুম্বাইয়ে হামলার এক ভিডিওতে কাসাবকে পিঠে ব্যাগ বেঁধে একে-৪৭ রাইফেল হাতে মুম্বাইয়ের প্রধান রেলস্টেশনে হাঁটতে দেখা যায়। হামলায় স্টেশনটিতে প্রায় ৬০ জন সাধারণ মানুষ নিহত হয়। স্টেশনের হামলাটি মুম্বাইয়ের বিলাসবহুল হোটেল, একটি ইহুদি কেন্দ্রসহ শহরটির প্রধান প্রধান স্থাপনায় চালানো একটি সমন্বিত ধারাবাহিক হামলার অংশ ছিল। তিনদিন ধরে পরিচালিত এই হামলার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধাবস্থা তৈরি হয়ে গিয়েছিল। চলামান দ্বিপাক্ষিক সব আলোচনা স্থগিত হয়ে গিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২১ ঘ.