ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়লা খনি কেলেঙ্কারি ইস্যুতে এবার ভারতের প্রধান বিরোধীদল বিজেপি কে তীব্র বাক্যবাণে পাল্টা আক্রমণ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিজেপির ওপর চড়াও হতে কংগ্রেস এমপিদের নির্দেশও দিয়েছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার কয়লা খনি বিক্রি বিতর্ক নিয়ে পার্লামেন্টে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার পরদিনই সোনিয়া পুরোদলকে নিয়ে তার পাশে দাঁড়ালেন। কড়া কথা আর অভিযোগে জর্জরিত করলেন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি)।
‘ব্ল্যাকমেইলিং’ই বিজেপির জীবিকা বলে অভিযোগ করেছেন সোনিয়া। ‘ব্ল্যাকমেইল’ করে খনি কেলেঙ্কারি ইস্যুতে পার্লামেন্টকে জিম্মি করে রেখে বিজেপি রাজনৈতিক ফায়দা লুটছে; আর তা করে তারা সীমাহীন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলের হৈহট্টগোলে কংগ্রেস দমবে না জানিয়ে সোনিয়া মঙ্গলবার দলের এমপি দেরকে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেওয়া এবং লড়ে যাওয়ার আহ্বান জানান।
আগ্রাসী মনোভাব নিয়ে বিজেপিকে মোকাবেলা করার আদেশ দিয়ে সোনিয়া বলেন, আমাদের অনেক অর্জন আছে। আর তাই আমাদের আত্মরক্ষামূলক অবস্থান নেওয়ার কিছু নেই।
কয়লা খনি বিক্রি নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে বেশকিছুদিন ধরেই প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পদত্যাগ দাবি করে আসছে বিরোধীরা।
সোমবার মনমোহন পার্লমেন্টে এ বিতর্কে সরকারের অবস্থান সমর্থন করে কথা বলার সঙ্গে সঙ্গে বিজেপি’র সাংসদরা তুমুল হৈ চৈ করে এর তীব্র প্রতিবাদ জানায়। এতে চাপা পড়ে যায় মনমোহনের বক্তব্য। পরে তার কার্যালয় থেকে বক্তব্যের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়।
ইস্যুটি নিয়ে বিজেপি প্রায় এক সপ্তাহ ধরে পার্লামেন্ট অচল করে রেখেছে। একাজ করে বিরোধীদল জনগণের ম্যান্ডেটেরই অপমান করছে বলে অভিযোগ করেন সোনিয়া।
জনসম্মুখে বিরোধীদলকে আক্রমণ করে সোনিয়ার এমন বক্তব্য বিরল। এতে করে দু’দলের মধ্যে উত্তেজনা বাড়ারই আভাস পাওয়া যাচ্ছে।
কয়লা খনি ইস্যুতে মনমোহনের আত্মপক্ষ সমর্থনের আগে সরকারি এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, সুষ্ঠুভাবে কয়লা খনি বিক্রি না হওয়ায় ভারতের ২২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
টেলিকম লাইসেন্স সুলভ মূল্যে বিক্রি করায় প্রচুর রাজস্ব হারানোর অভিযোগে গত বছর টেলিযোগাযোগমন্ত্রী আন্ডিমুথু রাজকে যেমন সরে যেতে হয়েছে এবার কয়লা খনি বিক্রি নিয়েও মনমোহনের বিরুদ্ধে একইরকম অভিযোগ উঠেছে।
দর আহ্বান না করে বিভিন্ন কোম্পানির কাছে কয়লাখনি কমিশনে বিক্রি করার সরকারি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে ১৭ অগাস্টে প্রকাশিত সরকারি নিরীক্ষকদের এক প্রতিবেদনে।
এতে বলা হয়, ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে নিলামে তোলা ছাড়াই কয়লা খনি বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে প্রতিবেদনে এর জন্য মনমোহন সিংকে দায়ী করা না হলেও কয়লা খনি বিক্রির সময় মনমোহন কয়লা মন্ত্রণালয়ের নেতৃত্বে থাকায় তার পদত্যাগ দাবি করছে বিজেপি।
এ প্রসঙ্গে পার্লামেন্টে মনমোহন বলেন, “আমি বলতে চাই যে এ ধরনের যে কোনো অভিযোগ ভিত্তিহীন এবং ঘটনার সঙ্গে সামঞ্জস্যহীন।”
প্রধানমন্ত্রী বিরোধী দলকে পার্লামেন্টের কার্যক্রম গতিশীল রাখা এবং সঠিক সত্য বের করতে বিচারকদের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২২ঘ.
bdnews24