২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

লিবিয়ায় সুফি মুসলিম সাধকদের কবর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়া ঠেকাতে যথেষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে সমালোচনার মুখে রোববার পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফাওজি আবদেল আল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 03:36 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ত্রিপোলি, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় সুফি মুসলিম সাধকদের কবর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়া ঠেকাতে যথেষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে সমালোচনার মুখে রোববার পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফাওজি আবদেল আল। লিবিয়ার দুটি শহরের জিলতান ও ত্রিপোলির দুটি সুফি স্থাপনা শুক্রবার ও শনিবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কর্মকর্তারা বলছেন, অতি-রক্ষণশীল মুসলিম গোষ্ঠী এই হামলা চালিয়েছে। দেশটির সদ্য ক্ষমতা নেওয়া নির্বাচিত নতুন জাতীয় কংগ্রেস শনিবার দিনের শেষভাগে এক জরুরি বৈঠকে বসেন। এ সময় সরকারের নিরাপত্তা বাহিনী এই ঘটনা ঠেকাতে পারেনি বলে সমালোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ফাওজি আবদেলের সহযোগী জিয়াদ মুফতাহ রয়টার্সকে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ফাওজি আবদেল আল তার বিরুদ্ধে জাতীয় পরিষদে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহারের প্রতিবাদে পদত্যাগ করেছেন।” “তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত গ্রহণ করেননি” বলেন জিয়াদ। শনিবার সকালে লিবিয়ার রাজধানী ত্রিপোলির কেন্দ্রীয় এলাকায় দিনদুপুরে বুলডোজার দিয়ে একটি মসজিদ গুঁড়িয়ে দেয় একদল হামলাকারী। বড় শাব মসজিদ নামে পরিচিত এ মসজিদ প্রাঙ্গণে মুসলিম সুফি সাধকদের কবর আছে। লিবিয়ার শাসক মুয়াম্মাম গাদ্দাফির পতনের পর দেশটিতে এটিই সবচেয়ে বেপরোয়া সা¤প্রদায়িক হামলা বলে মনে করছেন বিশ্লেষকরা। মসজিদটি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা জানিয়েছে লিবিয়া সরকার। সুফি সাধকদের কবর ও মাজারকে অনৈসলামিক বলে মনে করে এমন একটি সশস্ত্র গোষ্ঠী হামলার জন্য দায়ী বলে জানিয়েছেন কর্মকর্তারা। দু’দিনের মধ্যে এটি লিবিয়ার সুফি স্থাপনায় বিরোধীদের দ্বিতীয় হামলা। এর আগে শুক্রবার সকালে অতিরক্ষণশীল ইসলামপন্থীরা জ্লিতানে অপর একটি মসজিদ গুঁড়িয়ে দেয়। জ্লিতানের ওই মসজিদটি বোমা মেরে ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর মসজিদের পাঠাগারে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩২ ঘ.