ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পূর্ব আফগানিস্তানের পাকিস্তান সীমান্তের কাছে শুক্রবার ন্যাটোর আকাশ হামলায় ১২ জঙ্গি নিহত হয়েছে বলে আফগানিস্তানে মোতায়েন আন্তর্জাতিক সামরিক জোট জানিয়েছে।
পাকিস্তানি গোয়েন্দা ও আফগান কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের বাজুর পার্বত্য এলাকার স্বঘোষিত তালেবান নেতা মোল্লা দাদুল্লাহ ন্যাটোর হামলায় নিহত হয়েছেন। তবে হামলার স্থান নিয়ে তারা পরস্পর বিরোধী তথ্য দিয়েছেন।
হামলায় জ্যেষ্ঠ এক জঙ্গি নেতা নিহত হওয়ার কথা ন্যাটো নিশ্চিত করেনি বলে দ্য ডন জানায়।
শুক্রবার শেষ বিকেলের দিকে হামলাটি চালানো হয় বলে জানান সামরিক জোটের মুখপাত্র মেজর আদম ওজাক।
আফগান-পাকিস্তান সীমান্তের প্রত্যন্ত এই এলাকাটিতে হামলা হওয়ার পরপর পাওয়া প্রতিবেদনগুলোতে পরস্পরবিরোধী তথ্য লক্ষ করা গেছে।
আফগানিস্তানের কুনার প্রদেশের গভর্নর আসলাম গুল মুজাহিদ জানিয়েছেন, হামলায় দাদুল্লাহসহ ২০ জন নিহত হয়েছেন।
অপরদিকে পাকিস্তানি গোয়েন্দারা দাদুল্লাহসহ ১৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে আর হামলাটি কুনারে নয় পাকিস্তনের বাজুরে হয়েছে বলে দাবি করেছে তারা।
হামলায় ন্যাটো বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীও যোগ দিয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৩ ঘ.
bdnews24