বৈরুত, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় তুমুল লড়াইয়ের মুখে দেশ ছেড়ে পালানো মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএসএইচসিআর।
সিরিয়ার আশেপাশের দেশগুলোতে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা এখন ২০২,৫১২ বলে শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান ইউএনএইচসিআর এর মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস।
সিরিয়ার রাজধানী দামেস্ক এবং আলেপ্পোয় গত কয়েকদিনের লড়াইয়ে নিহত হয়েছে শ’শ’ মানুষ। দামেস্কের শহরতলীতে সেনাবাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণে শুক্রবারও অন্তত ২১ জন নিহত হয়েছে।
অবিরাম লড়াই-সহিংসতার মুখে গত ২৪ ঘণ্টায় তুরস্কে পালিয়েছে ৩ হাজার ৫শ’রও বেশি সিরীয় নাগরিক। একদিনে শরণার্থীর এ সংখ্যা এটাই সর্বোচ্চ বলে জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা।
জর্ডানে রাতভর রেকর্ড ২ হাজার ২শ’ মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছে উত্তরের জাতারি শিবিরে। গত সপ্তাহে তুরস্ক, ইরাক এবং লেবাননে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে প্রায় ৩০ হাজার শরণার্থী।
সব মিলে শরণার্থীর মোট সংখ্যা জাতিসংঘের হিসাব ছাড়িয়ে গেছে। এ বছরের শেষ নাগাদ শরণার্থীর সংখ্যা ১ লাখ ৮৫ হাজারে দাঁড়াতে পারে বলে ধারণা করা হয়েছিল।
লেবাননে শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজারে। সিরিয়ার সংঘাত থেকে লেবাননে ছড়িয়ে পড়া সহিংসতার কারণে সেখানে শরণার্থীদের সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন এডওয়ার্ডস।
শুক্রবার টানা তৃতীয়দিনের সহিংসতায় লেবাননের ত্রিপোলি শহরে আরো অন্তত ৩ জন নিহত হয়েছে। এ নিয়ে সোমবার থেকে সহিংসতায় সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
জাতিসংঘের ধারণা, সহিংসতার কারণে সিরিয়ার অভ্যন্তরেও ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর মানবিক সহায়তার জন্য মরিয়া হয়ে আছে ২৫ লাখ মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৪ঘ.
bdnews24