সিয়াটল, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লোগো পরিবর্তন করেছে বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন। চলতি বছর অনেকগুলো নতুন পণ্য বাজারে আনা উপলক্ষ্যে ২৫ বছর পর লোগো পরিবর্তন করল বিল গেটসের কোম্পানি।
নতুন লোগোতে চারটি বিভিন্ন রঙের বর্গক্ষেত্র ব্যবহার করা হয়েছে, এরপর একটু খালি জায়গা রেখে মাইক্রোসফট নামটি লেখা হয়েছে, যাতে আগের বহুল পরিচিত ইটালিক স্টাইল পাল্টে ফেলা হয়েছে। আগের লোগোটি ১৯৮৭ সালে তৈরি করা হয়েছিল।
আসছে শরতে মাইক্রোসফট নতুন উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম, নতুন অফিস সফটওয়্যার ও মোবাইল ফোন সফটওয়্যার বাজারে নিয়ে আসছে। নতুন লোগোর মাধ্যমে কোম্পানির বিষয়ে ক্রেতারা একটি সমন্বিত ধারণা পাবেন বলে মনে করছে কোম্পানিটি। অনেকটা প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যাপলের মতো, যাদের বিশেষ লোগো তাদের ক্রেতাদের কাছে সুপরিচিত।
মাইক্রোসফটের ব্র্যান্ড কৌশলের মহাব্যবস্থাপক জেফ হ্যানসেন মাইক্রোসফটের এক ব্লগে বলেন, “২৫ বছর আগে আমরা মাইক্রোসফটের লোগো সংস্কার করেছিলাম আর এখনই লোগো পরিবর্তনের উপযুক্ত সময়।”
“এ পরিবর্তন মাইক্রোসফটের নতুন যুগের সূচনার প্রতিফলন, এ আমাদের নবযাত্রারই প্রতীক।”
উইন্ডোজ অপারেটিং সফটওয়্যারের বর্তমান লোগোর সঙ্গে নতুন এই লোগোটির মিল আছে। নতুন লোগোটি ইতিমধ্যেই চালু করেছে মাইক্রোসফট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৩ঘ.
bdnews24