২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে চীন’

গৃহযুদ্ধের মুখে মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া বিশাল সংখ্যক কাচিন নৃগোষ্ঠীর লোকজনকে জোর করে ফেরত পাঠাচ্ছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 08:27 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

বেইজিং, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গৃহযুদ্ধের মুখে মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া বিশাল সংখ্যক কাচিন নৃগোষ্ঠীর লোকজনকে জোর করে ফেরত পাঠাচ্ছে চীন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী এই নৃগোষ্ঠীর মানুষেরা মিয়ানমারের সেনাদের সশস্ত্র সহিংসতা ও নির্যাতনের ঝুঁকির মধ্যে রয়েছে। শুক্রবার হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে জানায়, ১৭ বছরের অস্ত্রবিরতির পর ২০১১ সালের মাঝামাঝি শুরু হওয়া কাচিন ইন্ডিপেনডেন্ট আর্মি (কেআইএ) ও মিয়ানমার সরকারের মধ্যে যুদ্ধের পর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চীনা প্রদেশ ইউনানে ১০ হাজারের বেশি কাচিন আশ্রয় প্রার্থনা করে। কূটনীতিকরা বলছেন, কাচিন রাজ্যের এই দ্বন্দ্ব মিয়ানমারের নতুন বেসামরিক সরকারের সংস্কার প্রচেষ্ঠার জন্য বড় ধরনের পরীক্ষা। কয়েক দশক ধরে চলা এই যুদ্ধ বন্ধ করতে মিয়ানমার সরকার কেআইএ ও অনেকগুলো সংখ্যালঘু নৃগোষ্ঠীর বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি বলছে, অগাস্টের মাঝামাঝি চীন সরকার অন্ততপক্ষে এক হাজার কাচিন শরণার্থীকে মিয়ানমারের একেবারে উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে ফেরত পাঠিয়েছে। সেখানে তারা চরম অসহায় অবস্থার মধ্যে রয়েছে। চীন আরো ৪ হাজার শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে বলে সংস্থাটি জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের শরণার্থী বিষয়ক কর্মসূচির পরিচালক বিল ফ্রেলিক বলেন, “বার্মার (মিয়ানমার) সেনাদের বর্বরতায় বিপর্যস্ত চলমান যুদ্ধপূর্ণ এলাকা কাচিনে শরণার্থীদের ফেরত পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতাকে লঙ্ঘন করছে চীন।” অবিলম্বে এ পদক্ষেপ পরিবর্তন করে শরণার্থীদের সাময়িকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানান তিনি। এবিষয়ে মন্তব্যের জন্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউনান সরকারের কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে চীন কাচিন শরণার্থীদের জোর করে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে বলে গত জুনে এইচআরডব্লিউ অভিযোগ করলে ওই লোকেরা শরণার্থী নয় বলে দাবি করে চীন এ অভিযোগ অস্বীকার করে। এইচআরডব্লিউ’র মতে, চীন কর্তৃপক্ষ নতুন শরণার্থীদের, এমনকি ইউনান প্রদেশে আগে আশ্রয় পাওয়া ৭ থেকে ১০ হাজার কাচিন শরণার্থীদের সাময়িক নিরাপত্তা বা সাহায্য দিতে ব্যর্থ হয়েছে। সংস্থাটি আরো বলেছে, এই শরণার্থীদের কাছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর যাওয়া অত্যন্ত জরুরি হলেও চীন সরকার তাতে বাধা দিচ্ছে। মিয়ানমারের সঙ্গে চীনের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক থাকলেও দরিদ্র ও অস্থিতিশীল এই দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশীর প্রতি তার সতর্ক দৃষ্টি রয়েছে। চীন বরাবরই তাদের বিস্তৃত ও দূরবর্তী সীমানাজুড়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/সিআর/১৪২২ ঘ.